পিকআপ ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা খাতুনের মৃত্যুর ঘটনায় চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিরাপদ সড়কের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন৷ সেই সঙ্গে দায়ী গাড়িচালকের শাস্তি দাবি করেন তিনি৷ মানববন্ধনে নিহত ছাত্রীর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী৷
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুন৷ এ সময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ফাতেমা নিহত হন৷ আহত হন আরও দুই ব্যক্তি।