চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের শাস্তির দাবিতে গতকাল বুধবার পৌর শহরের সোসাইটি এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অবরোধ করে।
গত মঙ্গলবার ফাঁসিয়াখালীর আর্মি ক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় নিহত আহাদুল করিম চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, সড়ক দুর্ঘটনার জন্য ‘দায়ী’ বাসচালকের শাস্তির দাবিতে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করে। এ সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালকের শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাফিউল উমাম বলে, ‘গত তিন বছরে আমাদের বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কিন্তু কোনো চালকের বিচার হয়নি। নিহত ছাত্রের পরিবারকে মাত্র ২০ হাজার টাকা দিয়ে পার পেয়ে যান গাড়ির চালক-মালিকেরা।’ এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। আরেক শিক্ষার্থী রইসুল ইসলাম বলে, ‘আমরা দুর্ঘটনার জন্য দায়ী চালকের উপযুক্ত শাস্তি চাই।’
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় দোষী চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তাঁরা।