চালকের সহকারী ও শ্রমিকসহ নিহত ৬
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত হয়েছেন ছয়জন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন গাড়িচালকের সহকারী ও দুজন শ্রমিক। এ নিয়ে সারা দেশে গত ৫৪ দিনে অন্তত ৪৭৬ জন প্রাণ হারালেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি, আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় গতকাল সকালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা গ্রামের নবী হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মো. কাইছার (২৮)। তাঁরা পিকআপের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। গাড়ি দুটি আটক করেছে পুলিশ। তবে দুই গাড়ির চালকই পালিয়ে যান।
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন ওই ট্রাকচালকের সহকারী। তাঁর পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৩০ বছর। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুস ছালাম বলেন, একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে চালক ট্রাকটি পেছাতে গেলে পেছনে থাকা তাঁর সহকারীর ওপর তুলে দেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেতা গ্রামের হালিমা খাতুন মহিলা কলেজ এলাকায় গত সোমবার দিবাগত রাতে তরমুজবোঝাই ট্রাক্টরচালিত একটি ট্রলি উল্টে পুকুরে পড়লে মোশাররফ হোসেন খাঁ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মোশাররফ চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি এলাকার আমলিবাড়িয়া গ্রামে।
বরগুনার সদরের বালিয়াতলী ইউনিয়নের মাইঠা সেতু এলাকায় টমটম উল্টে গুরুতর আহত জয়নব বিবি (৭০) নামের এক নারী গত সোমবার দিবাগত রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন বিকেলে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর বাড়ি একই ইউনিয়নের চালিতাতলী গ্রামে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজার-সংলগ্ন এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইয়াছিন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। ফটিকছড়ি থানার এসআই আরিফ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে নিহত হন।