চালকের সহকারীর ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচালকের সহকারীর ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে স্মৃতি মণ্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার দিগনগর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
স্মৃতি মণ্ডল (১৬) উপজেলার দিগনগর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর জেলার ভাঙ্গা ওসমান একাডেমির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল সড়কের মাদারীপুর জেলার টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে দিগনগর সেতুর পশ্চিম পাশে পৌঁছায়। এ সময় ভাঙ্গায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য স্মৃতি ওই বাসে উঠতে গেলে চালকের সহযোগী তাঁকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে বাসের পেছনের বাঁ পাশের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাসচালক ওই মহাসড়কের বড়ইতলায় বাসটি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও সেনদিয়াঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক ও তাঁর সহযোগী পলাতক আছে।