চালকের সহকারীর রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ট্রাকচাপায় আটজনের প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার ট্রাকের চালকের সহকারী কামরুজ্জামান ওরফে সুমনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এই রিমান্ড মঞ্জুর করেন।
মাটিরাঙা থানার ওসি সাহাদত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা জানতে ট্রাকের চালকের সহকারী কামরুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি বলেন, ট্রাকের চালক পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার সকালে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ধাতু চৈত্য বৌদ্ধবিহারের কাছে বেপরোয়া গতির পাথরবোঝাই একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে আটজন নিহত হন। আলুটিলা এলাকার ধাতু চৈত্য বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে সেদিন বিহারে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন।