যাত্রীবাহী চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গত শুক্রবার লাঞ্ছিত করার অভিযোগে চালকের সহযোগী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে গতকাল শনিবার সকালে মামুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে।
ওসি সেলিমুজ্জামান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন তাঁর দোষ স্বীকার করেছেন। এ ধরনের অপরাধ তিনি আগেও করেছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দারুস সালাম থানার পুলিশ মানিকগঞ্জের হরিরামপুর থেকে মামুনকে গ্রেপ্তার করে।
ওই শিক্ষার্থী গত শুক্রবার বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে গাবতলীগামী শুকতারা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তাঁর পাশের আসনে বসা যাত্রী নেমে যান। এ সময় বাসচালকের সহকারী মামুন তাঁর পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি।