চালকের সাহসিকতায় অপহরণ থেকে রক্ষা পেল কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোবাসের চালকের সাহসিকতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল নোয়াখালীর একাদশ শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনায় জনতা তিন যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল শনিবার বিকেলে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আটক যুবকেরা হলেন মো. ফয়সাল (২৩), মো. রায়হান (২০) ও আলমগীর হোসেন (২০)। তাঁদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রী হোস্টেলে থেকে পড়ালেখা করে। গত বৃহস্পতিবার বিকেলে সে গ্রামের বাড়িতে যায়। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে চৌমুহনীর দিকে আসার পথে আলাইয়াপুরের হলবানের পোলের গোড়ায় একদল যুবক অটোরিকশার গতি রোধ করে। একপর্যায়ে যুবকেরা টানাহেঁচড়া করে ওই ছাত্রীকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে তুলে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যেতে থাকে। এরই মধ্যে চালক মো. সজীব (২৩) কৌশলের আশ্রয় নেন। বিকেল পাঁচটার দিকে মাইক্রোবাসটি চৌমুহনী চৌরাস্তায় পৌঁছালে চালক মাইক্রোবাসের দরজা আটকে বেরিয়ে এসে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান।
স্থানীয় সূত্র জানায়, এ সময় জনতা মাইক্রোবাস ঘেরাও করে তিন যুবককে আটক করে পিটুনি দেয়। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন যুবককে আটক ও ঘটনার শিকার কলেজছাত্রীকে উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চালকের সাহসিকতার কারণে মেয়েটি অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’