চালকের অসাবধানতা ও স্বেচ্ছাচারিতার কারণেই পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখীর কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি শাথিল-১ ডুবে গিয়েছিল৷ ওই ঘটনায় জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রাথমিক তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে৷
লঞ্চডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৪ মে অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মো. দেলোয়ার হোসেন মাতুব্বরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে৷ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়৷
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মো. দেলোয়ার হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘প্রাপ্ত তথ্যে জানা যায়, ডুবে যাওয়া লঞ্চে তিন লক্ষাধিক টাকার মাছ ছিল৷ এসব মাছ বিকেল পাঁচটার মধ্যে পটুয়াখালীতে ঢাকাগামী দোতলা লঞ্চে তুলে দেওয়ার কথা৷ শনিবার (৩ মে) দুপুরে এমভি শাথিল-১ লঞ্চটি যখন গলাচিপার ইচাদি ঘাটে ছিল, তখনই কালবৈশাখী শুরু হয়৷ ওই সময় লঞ্চের যাত্রীরা লঞ্চটি না ছাড়তে চালক সুধীর চন্দ্র দাসকে অনুরোধ করেন৷ কিন্তু সুধীর যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে ইচাদি ঘাট থেকে লঞ্চটি ছেড়ে দেন৷ এর কয়েক মিনিটের মাথায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়৷’
এ ব্যাপারে চালক সুধীর চন্দ্র দাসের মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া গেছে৷ লঞ্চডুবির পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে৷