‘চালকেরা ঘাতকও নয়, খান সেনাও নয়। তারা জনগণের সেবক। চালক ইচ্ছা করে কাউকে খুন করে না।’গতকাল বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের সচেতনতা বাড়াতে মালিক-শ্রমিক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।সমাবেশে দুই মন্ত্রী আসার আগে বিভিন্ন শ্রমিকনেতা তাঁদের বক্তব্যে বলেন, যেকোনো সড়ক দুর্ঘটনার পর চালকদের যাতে একতরফাভাবে ঘাতক বলা না হয়, সে জন্য তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় উপস্থাপক বিষয়বস্তুর বাইরে বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। এর পরও একই ধরনের বক্তব্য চলতে থাকলে সমাবেশের সভাপতি ও পরিষদের আহ্বায়ক এনায়েত উল্লাহ খান বিষয়বস্তুর ওপর বক্তব্য দিতে অনুরোধ জানান। এর কিছুক্ষণ পর সমাবেশে এসে নৌমন্ত্রী একই ধারায় বক্তব্য শুরু করেন।অবশ্য নৌমন্ত্রী পরক্ষণেই বলেন, ‘আমাদের কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য এ সমাবেশ থেকে শপথ নিতে হবে।’ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চালকদের উদ্দেশে বলেন, ‘গাড়িতে উঠে যদি দিগ্বিজয়ী আলেকজান্ডার মনে করেন, তাহলে হবে না। মাদক নেওয়া, দ্রুতগতিতে গাড়ি চালানো, গাড়িতে অতিরিক্ত মালামাল ওঠানো ও ওভারটেকিং করা যাবে না।’ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার যে কত চাচা, কত মামা! অনেকেই তদবিরের জন্য আসেন। সুবিধা না পেয়ে কত আত্মীয় যে অনাত্মীয় হয়ে গেছেন। ক্ষমতায় থাকলে কী, আর না থাকলে কী, এর পার্থক্য আমি দেখেছি।’ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু এক ব্যক্তির মৃত্যু হয় না, এতে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক গতিশীলতার বিপর্যয় ঘটে। ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, অসতর্কভাবে ও মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা হয়। গাড়ির মালিকের উচিত, গাড়ির ফিটনেস ঠিক রাখা।দুই মন্ত্রী আসার আগে শ্রমিকনেতা মোহাম্মদ আলী বলেন, শ্রমিকদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা হলে তা হবে জুলুম। শ্রমিকনেতা আবদুল অদুদ বলেন, চালকদের একতরফা ঘাতক বলা হয়। আবার চালকেরা যে একেবারে দায়ী নন, তা-ও সত্য নয়। সমাবেশে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থার (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান, শ্রমিকনেতা নাসির উদ্দিন, আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।