চালক-সংকটে বসে আছে দুটি ডেমু ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক (লোকোমাস্টার) ও লোকবল-সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুর ইয়ার্ডে চার মাস ধরে দুটি ডেমু ট্রেন বসে আছে। এতে করে লোকসান গুনছে রেলওয়ে। জুন মাসে আরও পাঁচজন চালক অবসরে যাবেন। তখন আরও ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পার্বতীপুর রেলওয়ে লোকোশেডের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) কৃষ্ণ চন্দ্র বসাক বলেন, চলতি বছরের শুরুতে অব্যাহত নাশকতা এবং রেলের ওপর হামলার পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে এ দুটো ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এ ট্রেন দুটো পার্বতীপুর-লালমনিরহাট ও পার্বতীপুর-ঠাকুরগাঁও রুটে চলাচল করত। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও লোকবল-সংকট দেখা দেয়। ফলে ওই ট্রেনগুলো আর চালু করা যায়নি।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের হেড বুকিং ক্লার্ক সোহেল আহমেদ জানান, প্রতিদিন ডেমু ট্রেন দুটি থেকে গড়ে পাঁচ হাজার টাকা আয় হতো। কিন্তু এর চেয়ে বেশি মানুষ চলাচল করত। ট্রেনগুলোতে টিকিট পরীক্ষক (টিটিই) ও পরিদর্শক ছিলেন না। তাই অনেকে টিকিট ছাড়া চলাচলের সুযোগ পেতেন।
রেলওয়ের একজন কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চল রেলের লালমনিরহাট বিভাগ থেকে প্রতিদিন ১৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এ ছাড়া মালবাহী ওয়াগন, তেলবাহী ও রিলিফ ট্রেন চলাচল করে। এসব ট্রেন পরিচালনা করার জন্য ৮০ জন লোকোমাস্টার (চালক) প্রয়োজন। সেখানে রয়েছেন মাত্র ২০ জন চালক। এর মধ্যে পাঁচজন চালক এ মাসে অবসরে যাচ্ছেন। ফলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়তে পারে।
এ বিষয়ে লালমনিরহাট রেল বিভাগের প্রকৌশলী (ডিএমই) রেজাউল করিম জানান, এ খাতে লোকবলের সংকট আছে। ডেমু ট্রেনও চলছে না চালক-সংকটের কারণে। তিনি আরও বলেন, একজন লোকোমাস্টার তৈরি করতে কমপক্ষে ছয় বছর সময় লাগে। প্রতি মাসের প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। সংকট নিরসনে জরুরি চিঠিও দেওয়া হয়েছে রেল ভবনে। অথচ দীর্ঘদিনেও এদিকে নজর দেওয়া হয়নি।