চালনায় প্রার্থিতা ফিরে পেলেন ৩ নারী কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া চারজন নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাঁরা হলেন সংরক্ষিত আসন-১ এর আমোদিনী রায়, আরতি রায় ও সুফলা মণ্ডল।

গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের গরমিল থাকার অভিযোগে সংরক্ষিত-১ আসনের তিন নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে। অন্যদিকে সংরক্ষিত -৩ আসনের প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী একই ব্যক্তি কিন্তু সই অন্য ব্যক্তির হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরের দিন খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামালের কাছে চার প্রার্থীই আবেদন করলে গতকাল বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শেষে তিনি তিনজনের প্রার্থিতা ফিরিয়ে দেন।
আপিলে আবেদন নামঞ্জুর হওয়া প্রার্থী হলেন সংরক্ষিত আসন-৩ এর জামিলা বেগম। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘আমি ১০ বছর ধরে কাউন্সিলর। আমার প্রার্থিতা বাতিল হওয়ায় অনেক ভোটার হতাশ। এদিকে উচ্চ আদালতে আপিল করার মতো টাকাও নাই। কী করব বুঝতে পারছি না।’