চালবোঝাই ট্রাক ছিনতাই করতে চালক-হেলপারকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে ডোবা থেকে উদ্ধার করা লাশ দুটি ট্রাকচালক নূর মোহাম্মদ ও হেলপার ইমামুল হকের। চালবোঝাই ট্রাক ছিনতাই করতেই তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ওই ডোবায় ফেলে দিয়েছিল ছিনতাইকারীরা। এই জোড়া হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের একজন গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান।পুলিশ জানায়, জবানবন্দি দেওয়া আবু সালামকে (৪৮) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অপরজন হাশেম গাজীকে (৫৮) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ৯ জানুয়ারি নূর মোহাম্মদ ও ইমামুলের লাশ উদ্ধার করা হয়। প্রথমে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় জানার পর পুলিশ তদন্তে জানতে পারে, চালবোঝাই ট্রাক ছিনতাই করতেই তাঁদের হত্যা করা হয়। এরপর পুলিশ সালাম ও হাশেমকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া সালাম ও হাশেমকে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মাহবুবুর রহমান জানান, ২ জানুয়ারি ট্রাকচালক নূর মোহাম্মদ ও হেলপার ইমামুল হক ট্রাকে ৩০০ বস্তা চাল নিয়ে নওগাঁ থেকে ঢাকার মোহাম্মদপুরে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ৯ জানুয়ারি বনানীর ২৭ নম্বর সড়কের পশ্চিম প্রান্তসংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত হিসেবে তাঁদের লাশ উদ্ধার করা হয়।উপকমিশনার জানান, এ ব্যাপারে গুলশান থানায় করা মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ শুক্রবার বাড্ডার জে ব্লক থেকে আবু সালাম ও শ্যামপুরের ফরিদাবাদ থেকে হাশেম গাজীকে গ্রেপ্তার করে। সালামের দেওয়া তথ্য অনুযায়ী, বাড্ডার নিউ বারিধারা এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে ছিনতাইয়ে ব্যবহূত একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৯৬৬৪) উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, লুণ্ঠিত চাল ও ট্রাকটি উদ্ধার এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।