চালভর্তি ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, চারজন আটক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত শনিবার রাতে চালভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ট্রাকটি উদ্ধার ও চার ছিনতাইকারীকে আটক করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ঘটনায় চালভর্তি ট্রাকের মালিক ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা বাসুদেব রায় বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদরের পুরাতন বাজার এলাকার চাল ব্যবসায়ী বিমল কুন্ডু ঝিনাইদহের শৈলকুপায় ছয় লাখ ৬৮ হাজার টাকা মূল্যের এক হাজার ১০০ কেজি চাল কেনেন। এ চাল ৩৬০টি বস্তায় ভরে একটি ট্রাকে করে পটুয়াখালী নিয়ে যাচ্ছিলেন। পথে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গার চুমুড়দি বাবলাতলা এলাকায় একটি খালি ট্রাক পেছনের দিক থেকে এসে চালভর্তি ট্রাকের গতি রোধ করে। খালি ট্রাকে চালকসহ ১১ জন লোক ছিল। তারা চালভর্তি ট্রাকের চালক শৈলকুপা এলাকার শহীদুল ইসলাম (৪৫) ও তাঁর সহকারী ফরিদ হাসানকে (২২) জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় এবং তাঁদের হাত, পা ও মুখ বেঁধে রাস্তার পাশের ঢালে ফেলে দেয়। এরপর তারা ট্রাক দুটি ঘুরিয়ে ফরিদপুর শহরের দিকে যাত্রা করে। এ সময় খবর পেয়ে পুলিশ ভাঙ্গা চৌরাস্তা (বিশ্বরোড) এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ট্রাক দুটি তা অগ্রাহ্য করে চলে যেতে থাকে। পুলিশ গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে এবং শটগানের একটি ফাঁকা গুলি করে। পরে ছিনতাইকারীরা পুখুরিয়া এলাকায় ট্রাক দুটি থামিয়ে পালানোর সময় পুলিশ চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মহারাজপুর গ্রামের জলিল মোল্লা (৩৫) ও ভেলাবাজ গ্রামের চুন্নু শেখ (২৬) এবং কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মিঠুল খান (২৫) ও রুবেল শেখ (২৫)। তাঁদের মধ্যে জলিল মোল্লা পালানোর সময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে পায়ে গুরুতর আঘাত পান। তাঁকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পা কেটে ফেলা হয়েছে।