খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে বর্তমানে চালের কোনো সংকট নেই। হাওর অঞ্চলে অকালবন্যায় বোরো ফসলের যে ক্ষতি হয়েছে, তার প্রভাব চালের বাজারে পড়বে না। তিনি বলেছেন, ‘একশ্রেণির ব্যবসায়ী মজুতদার ও সরকারের বিরুদ্ধবাদী রাজনৈতিক দলের অনুসারী ব্যবসায়ীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে প্যানিক (আতঙ্ক) ছড়াচ্ছে; যা কোনোভাবেই সহ্য করা যায় না।’
আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চলমান গম ও বোরো সংগ্রহ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তা ও চালকলের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সভায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট—এই চার জেলার চালকল মালিক এবং খাদ্য বিভাগের কর্মকর্মারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনো খাদ্যসংকট হতে দেব না। প্রয়োজনে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল আমদানি করা হবে। কৃষকদের ক্ষতি হোক, সরকার তা চায় না।
খাদ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার ৫০ ভাগ জমির বোরো ধান কাটা-মাড়াই হয়েছে। এ কারণে মোটা চাল এখনো বাজারে আসেনি। কাটা-মাড়াই শেষে মোটা চাল বাজারে এলে দাম কমে আসবে।
এ সময় চালকল মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আগে বিপুল পরিমাণ আয় করেছেন। এ বছর হয়তো একটু কম লাভ হবে। সরকারকে সহযোগিতা করতে চাল সরবরাহ করবেন আশা করি।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, চলতি বোরো মৌসুমে রংপুর বিভাগের আট জেলায় ২ লাখ ৮ হাজার ৫৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। গত রোববার থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযানে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ বিভাগের ১৩০ জন চালকল মালিক নয় হাজার মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ও রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর।