সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষে টিনের চাল নেই। ঝড়ে তিন বছর আগে কক্ষগুলোর চাল উড়ে যায়। এরপর আর নতুন চাল দেওয়া হয়নি। বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষকেরা চালহীন এসব কক্ষেই পাঠদান করছেন।শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শুভগাছা ইউনিয়নে ১৯৩৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের দুটি টিনশেড ভবন আছে। এর মধ্যে একটিতে দুটি ও অন্যটিতে তিনটি কক্ষ আছে। ২০০৭ সালের বন্যায় দুই কক্ষের ভবনের একটি কক্ষ ভেঙে যায়। এরপর সেটি আর মেরামত করা হয়নি। ২০১০ সালের এপ্রিলে কালবৈশাখী ঝড়ে তিনটি কক্ষের ভবনের টিনের চাল উড়ে যায়। সেই থেকে এই বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। আর বৃষ্টি শুরু হলে বন্ধ রাখতে হয় পাঠদান। এ সমস্যার পাশাপাশি রয়েছে বিদ্যালয়ের বেঞ্চ-সংকটও। এ কারণে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করে।সহকারী শিক্ষক নিলুফা সুলতানা ও রেজাউল করিম জানান, প্রায় তিন বছর আগে ঝড়ে উড়ে যাওয়ার পর নতুন চাল দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। প্রধান শিক্ষক নুরজাহান বেগম বলেন, ‘বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কার এবং একটি নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরেজ্জেহা জানান, সমস্যাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের বিষয়ে প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসব বিষয়ে শিক্ষা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।