চালানো শিখতে গিয়ে ব্যক্তিগত গাড়ি খালে পড়ে দম্পতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে ব্যক্তিগত গাড়ি খালে পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) উত্তর জালকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন: মিরাজ হোসেন (৩০) ও তাঁর স্ত্রী রিপা (২৫)। তাঁরা ঢাকার জুরাইনে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে আসেন মিরাজ ও তাঁর স্ত্রী রিপা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মিরাজ স্ত্রী রিপাকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জালকুড়ি এলাকায় ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালে পড়ে যায়। এতে গাড়িটি ডুবে যায়। স্থানীয় লোকজন গাড়িটি উদ্ধার করে পেছনের কাচ ভেঙে তাঁদের বের করে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরাজ ও রিপার মৃত্যু হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।