চালু করা যাচ্ছে না একটি পাকা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০টি শতবর্ষী গর্জন গাছের জন্য গত দুই বছর ধরে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সমুদ্র উপকূলীয় পাকা সড়কে যানবাহন চলাচল চালু করা যাচ্ছে না। এতে উপকূলীয় এলাকার প্রায় তিন লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় লোকজন ও এলজিইডি চাইছে, ওই পাকা সড়কের ওপর দাঁড়িয়ে থাকা গাছগুলো কেটে সরাসরি যানবাহন চলাচল চালু করতে। কিন্তু গাছ কাটতে রাজি নয় বন বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে টেকনাফ থেকে শামলাপুর এবং শামলাপুর থেকে মনখালী পর্যন্ত ৬২ কিলোমিটারের দুটি পৃথক পাকা সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয়। ২০১০ সালের জুনে সড়ক দুটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সড়কের ওপর গাছের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না।শুক্রবার সরেজমিনে দেখা যায়, উখিয়া উপজেলার সোনারপাড়া, মনখালী ও মোহামঞ্চদ শফিরবিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সড়কের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে চারটি শতবর্ষী গর্জন গাছ। অন্যদিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে গর্জন বন অংশে তৈরি পাকা সড়কের ওপর দাঁড়িয়ে আছে আরও ছয়টি শতবর্ষী গর্জন গাছ। দূরপাল্লার চেয়ারকোচ কিংবা মিনিবাস চলাচল করতে হলে এ গাছগুলো অবশ্যই কাটতে হবে। সরেজমিনে দেখা যায়, এ গাছগুলো ছাড়াও সড়কের দুই পাশের আরও অন্তত ৪৫টির মতো শতবর্ষী গর্জন গাছ কেটে ফেলতে হবে। না হলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেবে। স্থানীয় বনকর্মীরা জানান, এ বিশাল সংরক্ষিত বনে শতবর্ষী গর্জন গাছ রয়েছে পাঁচ হাজার ২৪টি, যা থেকে বীজ সংগ্রহ করে সারা দেশে গর্জন বাগান সৃজন করা হচ্ছে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুল করিম বলেন, ‘সড়কটি চালুর ব্যবস্থা করা হলে উপকূলীয় ৪০টি গ্রামের প্রায় তিন লাখ মানুষ উপকৃত হবে। এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী মো. আমিন উল্লাহ বলেন, ২০টির বেশি গাছ কেটে ফেলার জন্য বন বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা নীরব ভূমিকা পালন করছে। কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, ‘সড়কের ওপর দাঁড়িয়ে থাকা শতবর্ষী গর্জন গাছগুলো কেটে ফেলার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ওই গাছগুলো কাটতে দিতে পারি না। গাছ কাটার ক্ষমতাও আমাদের নেই।’ তিনি বলেন, ‘রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা গাছগুলো কেটে সড়কটি চালু করা হলে টেকনাফ অংশের জাহাজপুরায় ২০০ বছরের পুরোনো বিশাল গর্জন বনটি ধ্বংস হয়ে যাবে।’ বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর বলেন, ‘প্রায় তিন লাখ মানুষের জন্য সড়কটি চালু করা খুব জরুরি। একটি সড়ক না থাকায় উপকূলীয় এ জনপদের মানুষ ৫০ বছর ধরে নিদারুণ দুঃখ-কষ্টে দিন যাপন করছেন।’