চালু করা হচ্ছে চার পিএসটিএনের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) প্রতিষ্ঠানের বন্ধ করে দেওয়া সুইচরুম আজ মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে চালু করা হবে। এই চারটি অপারেটর হচ্ছে ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল, র্যাংকসটেল ও পিপলসটেল। গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিচ্ছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ গতকাল সোমবার এসব তথ্য জানান। তবে গত রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ভিওআইপির মাধ্যমে অবৈধ বৈদেশিক কল রোধে চারটি ল্যান্ডফোন কোম্পানি ও ১৯টি আইএসপির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সুইচরুম চালু করা প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করছি। এ জন্য কমিশনের সদস্য আলীবর্দি খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সরাসরি পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর সুইচরুমে গিয়ে সঠিক গ্রাহকসংখ্যা ও কল ট্রাফিক যাচাই করে লাইসেন্সপ্রাপ্ত ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) মাধ্যমে ই-ওয়ান সংযোগ দেবে।’ সন্ধ্যায় কমিশনের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, পিএসটিএন কোম্পানিগুলোর আইসিএক্স ছাড়া সব ধরনের দ্বিমুখী (বাই-লেটারাল) সংযোগ বিচ্ছিন্ন করা হবে। করপোরেট গ্রাহকদের ই-ওয়ান সংযোগ দিতে হলে অবশ্যই কমিশনের অনুমতি (নতুন করে) নিতে হবে। প্রতিদিন সন্ধ্যার মধ্যে গ্রাহক পর্যবেক্ষণ তথ্য লিখিতভাবে জমা দিতে হবে। সিলগালা খোলার পর সুইচরুমে নতুন যন্ত্রপাতি বসাতে হলে অবশ্যই কমিশনের পূর্বানুমতি নিতে হবে। আইএসপি প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা বুঝে সংযোগ দেওয়া হবে। তথ্য বিবরণীতেও জানানো হয়েছে, দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরদের কার্যক্রম শুরু করার লক্ষ্যে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্ত কোম্পানিগুলোর শাস্তি বা জরিমানা হবে কি না, জানতে চাইলে জিয়া আহমেদ জানান, বাংলাদেশ টেলিকম আইন ২০০১-এর ৩৫ (২), ৫৫ এবং ৭৪ ধারা অনুযায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, আইন অনুযায়ী অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবে সংশোধিত টেলিযোগোযোগ আইনের খসড়া অনুযায়ী জরিমানার পরিমাণ পাঁচ কোটি টাকাও হতে পারে। র্যাংকসটেলের নয়জনের আগাম জামিন: বিটিআরসির করা মামলায় র্যাংকসটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ চৌধুরীসহ নয়জনের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আব্দুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জামিন পাওয়া অপর আটজন হলেন র্যাংকসটেলের পরিচালক আমানউল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফউদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, রুমু চৌধুরী, সোহানা রউফ চৌধুরী ও প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম শামসুদ্দিন। ঢাকা ফোনের রিট খারিজ: ঢাকা ফোন লিমিটেডের সুইচরুম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, ‘১৫ মার্চ সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর জন্য বিটিআরসি প্রতিষ্ঠানটিকে নোটিশ দেয়। এ হিসেবে ২৩ মার্চ জবাব দেওয়ার সময় শেষ হচ্ছে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই করা রিট অপরিপক্ব। তাই খারিজ করা হলো।’ উল্লেখ্য, ১৫ মার্চ ঢাকা ফোন, ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ১৯ মার্চ র্যাংকসটেল ও ২১ মার্চ পিপলসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। বিটিআরসির হিসাবে ঢাকা ফোনের গ্রাহকসংখ্যা ৭৭ হাজার ৭৬৫, ওয়ার্ল্ডটেলের ১৪ হাজার ২৬১, র্যাংকসটেলের তিন লাখ ৭৮২ ও পিপলসটেলের গ্রাহকসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৩ জন। বিটিআরসিকে টিআইওবির অভিনন্দন: টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠানগুলোর সংগঠন টেলিকম ইনফ্রাস্ট্রাকচার অপারেটরস অব বাংলাদেশ (টিআইওবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবৈধ ভিওআইপি রোধে বিটিআরসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।