চালু না হতেই বন্ধ দেশের একমাত্র স্টার্চ কারখানা
বাণিজ্যিক উত্পাদন শুরুর আগেই পুঁজির অভাবে রুগ্ণ হতে বসেছে দেশে আলুর স্টার্চ (শ্বেতসার-পাউডার) তৈরির একমাত্র কারখানা ফ্লামিঙ্গো এগ্রোটেক লিমিটেড। আন্তর্জাতিক বাজারে আলুভিত্তিক খাদ্যদ্রব্যের চাহিদা বিবেচনায় পাঁচ বছর আগে ৪৪ কোটি টাকা বিনিয়োগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে স্থাপিত হয় শতভাগ রপ্তানিমুখী এ প্রতিষ্ঠান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের ৩০ কোটি টাকা ঋণে ২০০১ সালে ফ্লামিঙ্গো এগ্রোটেকের নির্মাণকাজ শুরু হয়। প্রতিষ্ঠানটির চার উদ্যোক্তা হলেন চিত্রনায়ক মাহমুদ কলি, চিত্র প্রযোজক রুহুল আমিন বাবুল, ওমর হায়াত খান ও আবদুল কাদের। ২০০৫ সালে নির্মাণকাজ শেষ হলে ওই বছরের মার্চেই পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়; চলে এক মাস। এক মাসেই উত্পাদন হয় এক হাজার টন স্টার্চ। উদ্যোক্তারা জানান, অত্যন্ত উন্নতমানের এই স্টার্চের নমুনা আন্তর্জাতিক বাজারে পাঠানো হলে তা ব্যাপকভাবে সমাদৃত হয়। উত্পাদিত স্টার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং বিসিএসআইআর থেকে আন্তর্জাতিক মানের সনদ পেয়েছে। কারখানায় প্রতি ঘণ্টায় ২২০ টন আলু কাঁচামাল হিসেবে প্রয়োজন। সেই হিসাবে কারখানাটি চালু হলে বছরে কমপক্ষে ৮০ হাজার টন আলুর প্রয়োজন হবে। এতে জয়পুরহাটসহ আশপাশের এলাকার চাষিদের উত্পাদিত আলু হিমাগারে রাখা নিয়ে ভোগান্তির অবসান হবে। কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়েও চলতি পুঁজির অভাবে সাড়ে পাঁচ বছরেও এখানে বাণিজ্যিক উত্পাদন শুরু করা সম্ভব হয়নি। অথচ পাঁচজন প্রকৌশলীসহ ২২ জন কর্মকর্তাকে বেতন দিতে হচ্ছে। এ অবস্থায় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে কারখানা এলাকায় স্থাপিত নিজস্ব হিমাগারটি বিক্রি করে দিতে হয়েছে।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল কাদের সিদ্দিক অভিযোগ করেন, অগ্রণী ব্যাংকের অসহযোগিতার কারণেই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উত্পাদনে যেতে পারেনি। চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উত্পাদনের জন্য প্রয়োজনীয় পুঁজি ব্যাংক কর্তৃপক্ষের সরবরাহের কথা থাকলেও পরে ব্যাংক তা দেয়নি। এ জন্য অনেক জায়গায় বহু দেনদরবার করেও কোনো কাজ হয়নি। এখন উদ্যোক্তাদের পথে বসার মতো অবস্থা বলে মন্তব্য করেন তিনি।এ বিষয়ে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নজরুল ইসলাম টেলিফোনে প্রথম আলোকে বলেন, উদ্যোক্তারা ঋণ পরিশোধ না করায় মামলা করা হয়েছে। তবে তাঁরা এগিয়ে এলে এ বিষয়ে সমঝোতা হওয়া এখনো সম্ভব। একই শাখার মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান ফ্লামিঙ্গো এগ্রোটেক লিমিটেডের এমডির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, উদ্যোক্তারা চুক্তির বরখেলাপ না করলে তাঁদের বিরুদ্ধে মামলা হতো না।