চালু হচ্ছে আট বছর পর
কাজ শুরুর আট বছর পরও শেষ হয়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের নির্মাণকাজ। মাঝে বেশ কয়েকবার কাজ বন্ধ হয়েছে। আবার চালু হলেও এগিয়েছে ধীরগতিতে। অবশেষে অসম্পন্ন অবস্থায় এবার তা চালু হতে যাচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত ভবনের তিনটি তলার কাজ শেষ করে চালু করা হবে ইনস্টিটিউটের কাজ।এ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেছেন, একুশে ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠানটি উদ্বোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।রাষ্ট্রভাষা আন্দোলনের স্মারক একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর সরকার দেশে একটি আন্তর্জাতিক মাতৃভাষাচর্চা ও গবেষণাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। ২০০০ সালের মাঝামাঝি ১৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প’ অনুমোদিত হয়। ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সেগুনবাগিচায় ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রকল্প প্রস্তাব অনুযায়ী ১২ তলা ভিতের ওপর আপাতত পাঁচতলা একটি ভবন নির্মাণের কথা। সেখানে একটি মিলনায়তন, চারটি সম্মেলন কক্ষ, কম্পিউটার ল্যাব, মিউজিয়াম, আর্কাইভ, ভাষা প্রশিক্ষণের জন্য ১০টি শ্রেণীকক্ষসহ প্রয়োজনীয় অফিস কক্ষ থাকবে। এই নির্মাণকাজের প্রায় এক-চতুর্থাংশ শেষ হওয়ার পর তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের মৌখিক নির্দেশে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ২০০৪ সালের শেষ দিকে সরকার প্রকল্প প্রস্তাব সংশোধন করে নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেয়।শিক্ষামন্ত্রী জানান, সংশোধিত প্রকল্প অনুযায়ী বর্তমানে তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি তিনি নির্মাণকাজ পরিদর্শন করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর পাশে তিনতলা ভবনের নির্মাণকাজে দায়িত্বরত একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে জানান, উদ্বোধনের জন্য তাড়াহুড়োর কারণে স্থাপনাটির অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। যে পরিমাণ কাজ বাকি আছে, তা যথাযথভাবে শেষ করতে হলে আরও কমপক্ষে তিন মাস সময় দরকার।তবে প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান আশাবাদী। প্রথম আলোকে তিনি বলেন, ভবনটিতে বর্তমানে ৩৭৫ ও ১৯৫ আসনের দুটি মিলনায়তনসহ আর্কাইভ ও জাদুঘরের ব্যবস্থা রাখা হয়েছে। একুশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করার লক্ষ্যে দ্রুত কাজ চলছে।এই ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাসহ বিশ্বের সব ভাষার গবেষণা, উন্নয়ন, সংরক্ষণ ও সমন্বয় সাধন; বিভিন্ন ভাষা সম্পর্কে সংগৃহীত তথ্য জাদুঘরের মতো আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ; ওয়েবসাইট খোলা, বিভিন্ন ভাষা সম্পর্কে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা; অনুবাদ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ দোভাষী তৈরি করা, ভাষানীতি প্রণয়নে সরকারকে সহায়তা করা, বাংলাসহ বিভিন্ন ভাষার ওপর গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং ভাষা ও সাহিত্যে অবদানের জন্য সম্মাননা প্রদান।