চালু হচ্ছে চক্ষু বহির্বিভাগ ও বার্ন ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে আগামী শনিবার চক্ষু বহির্বিভাগ চালু করা হচ্ছে। নগরের আলকরণ এলাকায় অবস্থিত এ হাসপাতালে ১০ শয্যার বার্ন ইউনিট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য-বিষয়ক স্থায়ী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, সিটি করপোরেশনের উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া মেমন মাতৃসদন হাসপাতালসহ অন্য মাতৃসদন হাসপাতালে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরে (২০১৫-১৬) ১০ লাখ ২০ হাজার ৮০৬ জনকে স্বাস্থ্যসেবা দিয়েছে সিটি করপোরেশন। এর মধ্যে চারটি মাতৃসদন হাসপাতালে ৫৭ হাজার ৯৭৫ জন, একটি জেনারেল হাসপাতালে ১২ হাজার ১৬০ জন, ৫৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ২ লাখ ২৪ হাজার ২১১ জন, ৩৩৫টি ইপিআই কেন্দ্রে ৬ লাখ ৭১ হাজার ৭৫৭ জন, ১৪টি হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রে ৫৪ হাজার ৭০৩ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর আগের অর্থবছরে (২০১৪-১৫) দেওয়া হয় ৮ লাখ ৫৬ হাজার ৭৩০ জনকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্য-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সৈয়দা কাশপিয়া নাহরিন, ফারহানা জাবেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।