চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ১৬৭টি শিল্পকারখানার দূষণ রোধে চালু হতে যাচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)। এর ফলে সমুদ্র, নদী ও পরিবেশ তরল শিল্প বর্জ্যের দূষণের কবল থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চিটাগং ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ইপিজেডে এই ইটিপি স্থাপন করেছে। গত ৩০ আগস্ট থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। পরে চলতি সপ্তাহে এই ইটিপিটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়। এখন ইপিজেডের কারখানাগুলোকে এই ইটিপির আওতায় আনার চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলো আগেই এ বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছিল। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের (বেপজা) মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ইটিপি পরিবেশ ছাড়পত্র পেয়ে গেছে। এখন ইপিজেডের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি চলছে। আশা করি, প্রত্যেক প্রতিষ্ঠান এই ইটিপির আওতায় আসবে। যদিও কয়েকটি প্রতিষ্ঠানের নিজস্ব ইটিপি রয়েছে। পুরোদমে চালু হলে তরল বর্জ্যের দূষণের হাত থেকে মাটি ও পানি রক্ষা পাবে।’জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ইপিজেডে ১৬৭টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ৩৩টি কারখানার নিজস্ব ইটিপি রয়েছে। ইপিজেডে জুতা, পোশাক, চামড়া, গলফ ব্যাটসহ নানা ধরনের কারখানা রয়েছে। এসব কারখানা থেকে প্রতিদিন কয়েক শ টন তরল বর্জ্য বের হয় বলে জানা গেছে। এসব তরল বর্জ্য নালা ও খাল হয়ে কর্ণফুলীসহ বঙ্গোপসাগরে গিয়ে পানির সঙ্গে মিশে যাচ্ছে। এই দূষণের কারণে ২০১০ সালে ইয়ং ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড নামের ইপিজেডের একটি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া একাধিক প্রতিষ্ঠানকে দূষণ রোধের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। জানা গেছে, পুরো ইপিজেডের সিইটিপিটি করতে খরচ পড়েছে ৬০ লাখ ১০ হাজার ৪১ মার্কিন ডলার। ইপিজেডের ৭/এ নম্বর সেক্টরের ১২-১৯ প্লটে এই ইটিপি স্থাপন করা হয়। প্রাথমিকভাবে প্রতি ঘনমিটার তরল বর্জ্যে শোধনের ব্যয় ধরা হয়েছিল ৩৮ দশমিক ৭৬ টাকা। দিনে ৪৫ হাজার ঘনমিটার তরল বর্জ্য শোধন করা যাবে বলে জানা গেছে। চিটাগং ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা ৩০ আগস্ট থেকে ইটিপি চালু করেছি। এখন কারখানাগুলোর সঙ্গে কথা চলছে। কয়েকটি প্রতিষ্ঠান এলেই আমরা বাণিজ্যিকভাবে চালু করে দেব। তারা নীতিগতভাবে একমত। তবে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বর্জ্য শোধনের দরটা একটু বাড়তে পারে।’এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘কিছু কিছু প্রতিষ্ঠানের নিজস্ব ইটিপি রয়েছে। এখন তারা বাইপাস করে তরল বর্জ্য শোধন ছাড়া যদি নালায় ছেড়ে দেয়, সেটা ক্ষতিকর হবে। তাই আমরা পর্যবেক্ষণে রাখব।’