কুমিল্লার মেঘনা উপজেলার ভাটেরচর-মেঘনা সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর সেতুটি চালু হবে। এর মধ্য দিয়ে ঢাকাসহ সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে মেঘনাবাসীর।
সেতুর অভাবে মেঘনা উপজেলার লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে প্রতিদিন লঞ্চ অথবা ট্রলারে করে চলাচল করতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণাধীন সেতুটি চালু হলে সেই কষ্টের অবসান ঘটবে।
এলজিইডির মেঘনা উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের জানুয়ারি মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ১৮০ মিটার ও প্রস্থ ৮ দশমিক ২৫ মিটার। কিন্তু ২০১২ সালের জুলাই মাসে ঠিকাদার মারা গেলে নির্মাণকাজ থেমে যায়। দেড় বছর পর পুনঃদরপত্রের মাধ্যমে মেসার্স ইসরাত ইউডিসি জেবি কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। ২০১৪ সালের ১৪ জানুয়ারি থেকে নির্মাণকাজ শুরু করে তারা।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা (সাইট ম্যানেজার) আলমগীর হোসেন বলেন, নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। আগামী ১০ সেপ্টেম্বর সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এলজিইডির মেঘনা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. দেলওয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটেরচরের মোহাম্মদপুর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন সরকার, প্রবাসী আমিরুল ইসলাম ও চাকরিজীবী আহসানউল্লাহ বলেন, সেতুটি চালু হলে এ উপজেলার লক্ষাধিক মানুষ ঢাকাসহ সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। তখন জমিতে উৎপাদিত ফসলসহ বিভিন্ন পণ্যসামগ্রী বিভিন্ন বাজারে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবে উপজেলাবাসী।
চারদিকে মেঘনা ও কাঠালিয়া নদী দ্বারা বেষ্টিত মেঘনা উপজেলা। কুমিল্লা জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা দ্বীপ ১৯৯৯ সালে উপজেলা হয়।