চালু হতে হতেই বছর পার!
নির্মাণের পর কেটে গেছে বছর খানেক সময়। লাল ইটের ঝা-চকচকে ভবনটি দাঁড়িয়ে আছে। আছে প্রয়োজনীয় যন্ত্রাংশও। কিন্তু প্রয়োজনীয়-সংখ্যক জনবল না দেওয়ায় আজও চালু হয়নি জয়পুরহাটের আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। আক্কেলপুর পৌর সদরে ভবনটি নির্মাণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০১০ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন কারণে সংশ্লিষ্ট ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে পারেননি। ২০১৫ সালের প্রথম দিকে স্টেশন ভবনটির নির্মাণকাজ শেষ হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের কাছ থেকে ভবনটি বুঝে নেয়।
সম্প্রতি ওই ভবনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উঠানে শুকানো হচ্ছে ধান। জানা গেল, সেখানে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি নিজেকে স্টেশনের ফায়ারম্যান মহাতাব হোসাইন বলে পরিচয় দেন। পরে আলাপকালে তিনি বলেন, এখনো স্টেশনটি চালু হয়নি। তিনি বলেন, এই স্টেশনের ইনচার্জ হাবিলদার লোকমান হোসেন। তিনি প্রেষণে জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনে আছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে লোকমান হোসেন বলেন, এখানে একজন স্টেশন কর্মকর্তা, একজন দলনেতা, ১০ জন ফায়ারম্যান, একজন বাবুর্চি ও একজন ঝাড়ুদারের পদ রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এসব পদে লোক নিয়োগের কথা রয়েছে। জনবল নিয়োগ দেওয়ার পরই কেবল স্টেশনটি চালু হতে পারে।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, ‘আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম এখনো চালু করা যায়নি। তবে শিগগিরই সেটি চালু করা হবে।’