চালু হতেই বছর পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের পর কেটে গেছে বছর খানেক সময়। লাল ইটের ঝা-চকচকে ভবনটি দাঁড়িয়ে আছে। আছে প্রয়োজনীয় যন্ত্রাংশও। কিন্তু প্রয়োজনীয়-সংখ্যক জনবল না দেওয়ায় আজও চালু হয়নি জয়পুরহাটের আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। আক্কেলপুর পৌর সদরে ভবনটি নির্মাণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০১০ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন কারণে সংশ্লিষ্ট ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে পারেননি। ২০১৫ সালের প্রথম দিকে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ ভবনটি বুঝে নেয়।
সম্প্রতি ওই ভবনে গিয়ে দেখা যায়, স্টেশনটির উঠানে শুকানো হচ্ছে ধান। জানা গেল, সেখানে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি নিজেকে স্টেশনের ফায়ারম্যান মহাতাব হোসাইন বলে পরিচয় দেন। পরে আলাপকালে তিনি বলেন, এখনো স্টেশনটি চালু হয়নি। তাই স্থানীয় লোকজন এসে ধান শুকানোর কাজ করেন। এখানে ধান শুকাতে বারণ করা হলেও তা কেউ শোনেন না। তিনি বলেন, এই স্টেশনের ইনচার্জ হাবিলদার লোকমান হোসেন। তিনি প্রেষণে জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনে আছেন।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ বলেন, ‘সামনে চৈত্র মাস আসছে। এই সময়টায় আগুন লাগার প্রবণতা বেশি থাকে। তাই দ্রুত স্টেশনের কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, এখানে একজন স্টেশন কর্মকর্তা, একজন দলনেতা, ১০ জন ফায়ারম্যান, একজন বাবুর্চি ও একজন ঝাড়ুদারের পদ রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এসব পদে লোক নিয়োগের কথা রয়েছে। জনবল নিয়োগ দেওয়ার পরই কেবল স্টেশনটি চালু হতে পারে।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, ‘স্টেশনটির কার্যক্রম এখনো চালু করা যায়নি।’ আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি চালু না হওয়ায় বিষয়টি জেলা কমিটির বিভিন্ন সভায় উত্থাপন করেছি। স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাঈদ আল-মাহমুদ স্বপনকেও বিষয়টি জানানো হয়েছে।’