কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে আন্তনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে কিশোরগঞ্জবাসী ট্রেনটি আরও দ্রুতগামী ও গতিশীল করে এর নাম প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর নামে ‘চন্দ্রাবতী এক্সপ্রেস’ করার দাবি জানিয়েছে।
বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সরদার শাহাদাত আলী জানান, দেশের পরিবর্তিত অবস্থার কারণে গতকাল ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। যে নামেই হোক, আরেকটি আন্তনগর ট্রেন কিশোরগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করবে এটা নিশ্চিত।
ট্রেনে যাতায়াতে পাঁচ ঘণ্টা সময় লাগার বিষয়ে তিনি বলেন, ভৈরব জংশন থেকে প্রতিদিন ৩০টি ট্রেন চলে। টঙ্গী থেকে ৬৫-৭০টি ট্রেন চলে। তাই ভৈরব পর্যন্ত ট্রেন স্বল্প সময়ে গেলেও পরে বাধাগ্রস্ত হয়। তাই সময় বেশি লেগে যায়। আগামী বছর ঢাকা-ভৈরব দুই লাইনের কাজ শেষ হবে। তখন আর সমস্যা থাকবে না।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়ন্ত মজুমদার জানান, ট্রেনটি পরীক্ষামূলকভাবে সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে দুপুরে কিশোরগঞ্জে পৌঁছায়। বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যায়। এ সময় ট্রেনে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সরদার শাহাদাত আলী, উপব্যবস্থাপক অজয় কুমার পোদ্দারসহ ১১ সদস্যের একটি দল ছিল।
ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, কবি বাঁধন রায়, সামিউল হক মোল্লাসহ কিশোরগঞ্জের সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা জানান, ট্রেনটির নামের বিষয়ে কিশোরগঞ্জবাসীর আপত্তি রয়েছে। তাঁরা ট্রেনটির নাম চন্দ্রাবতী এক্সপ্রেস করার জন্য রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।