চালু হয়নি স্যালাইন কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার নির্মাণকাজ শেষ হয়েছে ১০ বছর আগে। দেড় বছর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। তার পরও চালু হয়নি ঝিনাইদহের স্যালাইন তৈরির কারখানাটি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ মসিউর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি থাকায় ২০০৪ সালে ঝিনাইদহ শহরের মদমোহন পাড়ায় একটি স্যালাইন তৈরির কারখানা নির্মাণের উদ্যোগ নেন। প্রশাসনিক কাজ শেষে ওই বছরই কারখানার ভবন নির্মাণের জন্য ৯৮ লাখ ৩৭ হাজার ৬৮০ টাকা বরাদ্দ করা হয়। এরপর শুরু হয় এর নির্মাণকাজ। ২০০৬ সালে নির্মাণকাজ শেষ হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহে আসেন। ৮ অক্টোবর তিনি এখানে বেশ কিছু প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যার মধ্যে ওই ওরাল স্যালাইন কারখানাটিও ছিল। কিন্তু উদ্বোধনের পরও প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি। তাঁদের মতে, এটা চালু হলে ঝিনাইদহসহ আশপাশের জেলাগুলোর স্যালাইনের চাহিদা এখান থেকেই মেটানো সম্ভব হতো।
কারখানাটি চালু করতে এখন শুধু লোকবল প্রয়োজন। ইতিমধ্যে ম্যানেজার, কেমিস্টসহ ৫৩ জন লোক নিয়োগ করা জন্য জরুরি মর্মে অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু লোক নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। এতে ভবনটি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন আবদুস সালাম জানান, বিষয়টি নিয়ে অনেক চিঠি চালাচালি হয়েছে। কিন্তু আজও চালু করা সম্ভব হয়নি। দ্রুত চালু করা জন্য পদক্ষেপ নেওয়া হবে।