চালু হলো শিক্ষামূলক অ্যাপ 'মাই স্টাডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাই স্টাডি’ নামের মুঠোফোন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলো, গ্রামীণফোন ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। গতকাল রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে অ্যাপটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমাদ (বাঁ থেকে চতুর্থ) l ছবি: প্রথম আলো
‘মাই স্টাডি’ নামের মুঠোফোন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলো, গ্রামীণফোন ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। গতকাল রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে অ্যাপটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমাদ (বাঁ থেকে চতুর্থ) l ছবি: প্রথম আলো

‘নিজেই হয়ে যাও নিজের টিউটর’ স্লোগান নিয়ে উদ্বোধন করা হলো নতুন একটি অ্যাপ। ‘মাই স্টাডি’ নামে মুঠোফোনের এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে পারবে শিক্ষার্থীরা। আর পরীক্ষা দিয়ে নিজের অবস্থান সম্পর্কেও জানতে পারবে।
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের উদ্যোগে অ্যাপটি তৈরি হয়েছে। পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম চলবে আগামী মার্চ পর্যন্ত। তবে শিক্ষার্থীরা এখন থেকেই এটি ব্যবহার করতে পারবে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে অ্যাপটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইমরান আহমাদ অ্যাপটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান ডিজিটাল যুগে এ ধরনের অ্যাপ শিক্ষার প্রসার ঘটাতে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে। এটি জনপ্রিয় হলে সবাই লাভবান হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এই অ্যাপ তৈরি করা হয়েছে দেশের সেরা শিক্ষকদের লেখা ও পরামর্শ দিয়ে। এটি সফলভাবে চালু হলে শিক্ষার্থীদের নোটবইয়ের পেছনে ছুটতে হবে না। প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, এই অ্যাপ শিক্ষকদের ওপর চাপ কমাবে। এটি ব্যবহার করলে শিক্ষার্থীদের কোচিং সেন্টারের পেছনে দৌড়াতে হবে না।
অ্যাপটির নানা দিক তুলে ধরে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গুগল প্লে স্টোর থেকে ‘মাই স্টাডি’ নামের অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপটি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। এতে এখন নবম-দশম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত দেওয়া আছে। ধাপে ধাপে অন্য বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির সুবিধা ব্যবহারের ক্ষেত্রে শহুরে ও গ্রামীণ স্কুলগুলোর মধ্যে যে অসাম্য, তা দূর করার মাধ্যমে ইন্টারনেট কীভাবে শিক্ষাবিপ্লবের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, প্রকল্পটি তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
টেলিনরের ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান ব্যবসায় কর্মকর্তা গুনার সেলেগ বলেন, ‘আমরা বাংলাদেশেই প্রথম এ ধরনের একটি অ্যাপ চালু করলাম। আস্তে আস্তে এটি বিশ্বের অন্যান্য দেশেও চালু করার পরিকল্পনা আছে আমাদের।’ অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণফোনের সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এই অ্যাপ ব্যবহার করলে কোনো টাকা লাগবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী নাসির আহমেদ ও বাংলাদেশ ব্যাংক স্কুল কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম বক্তৃতা করেন।