নির্মাণকাজ শেষ হলেও এক বছরের বেশি সময় ধরে চালু হচ্ছে না রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল। এর ফলে প্রতিষ্ঠার সাত বছরেও আবাসন সংকট কাটেনি শিক্ষার্থীদের।
এই দুটি হল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুখতার ইলাহী হল। এগুলো চালুর দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি ছাত্রসংগঠন বিভিন্ন সময়ে আন্দোলন করেছে। স্মারকলিপি দিয়েছে উপাচার্যের কাছে। কিন্তু কাজ হয়নি।
হলের কার্যক্রম চালু না থাকায় বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। হলে নিরাপত্তাকর্মী না থাকায় চুরির ঘটনা ঘটছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন বলেন, ‘হল দুটি চালু করা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। অবিলম্বে হল দুটি চালু করার দাবি জানাচ্ছি।’
২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে ছাত্রীদের জন্য তৈরি শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি চালু হয়েছে। সেখানে প্রায় সাড়ে তিন শ ছাত্রী অবস্থান করছেন। কিন্তু ছাত্রদের জন্য নির্মিত হল দুটির কাজ শেষ হলেও চালু হয়নি। গত বছরের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু হল ও জুনে শহীদ মুখতার ইলাহী হলের নির্মাণকাজ শেষ হয়। ছয়তলা ভবনের প্রতিটি হলে ৬৮টি কক্ষ। প্রতিটি হলে ২২৫ জন শিক্ষার্থীর থাকার সুবিধা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এর ফলে হল দুটিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যায়নি। এ কারণে হলও চালু করা সম্ভব হয়নি। বর্তমানে বঙ্গবন্ধু হলে প্রভোস্ট (চলতি দায়িত্ব) ও চারজন সহকারী প্রভোস্ট এবং শহীদ মুখতার ইলাহী হলে প্রভোস্ট ও তিনজন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্য কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গবন্ধু হল চালুর দাবি জানিয়ে উপাচার্য বরাবর আবেদন করেছেন হলটির প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট। গত সোমবার প্রভোস্ট কমলেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ আবেদন করা হয়। একই সঙ্গে হল চালুর আগে হলে সংযুক্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, প্রয়োজনীয় জনবল পদায়ন ও নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) আমির শরিফ জানান, হল চালুর বিষয়ে গত বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আশা করছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হলে সংযুক্তিসহ কর্মকর্তা-কর্মচারী পদায়নের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, খুব শিগগির ছাত্ররা হলে উঠতে পারবে। চুরি যাওয়া মালামাল নতুন করে স্থাপন করা হবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছে।