চালু হলো বিমানবন্দরের পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি
এক মাস বন্ধ থাকার পর চালু হলো বিমানবন্দর গোলচত্বরের পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি। রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয়সংক্রান্ত সমস্যার কারণে সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ৩ মার্চ এটি পুনরায় চালু করে সরবরাহকারী প্রতিষ্ঠান হরাইজন টেকনো লিমিটেড।
সিঁড়িটি চালু হওয়ার পর যেন হাঁফ ছেড়ে বাঁচলেন প্রতিদিন সেতু ব্যবহার করে চলাচলকারীরা। চলন্ত সিঁড়ির চালক সাইফুল ইসলাম জানান, দিনে-রাতে নির্দিষ্ট সময় ছাড়া সারাক্ষণই চালু থাকছে চলন্ত সিঁড়িটি।
সেতু ব্যবহারকারী জাহিদ আহমেদ বলেন, চলন্ত সিঁড়ি চালু হওয়ায় জনসাধারণের ভোগান্তি কমেছে। ভিড় থাকলেও এখন ঠেলাঠেলি করে এক পাশ দিয়ে ওঠানামা করতে হয় না।
সরেজমিনে দেখা যায়, সিঁড়ি ব্যবহার করে চলাচলকারীদের আগের মতো এক পাশ দিয়ে ভিড় ঠেলে ওঠানামা করতে হচ্ছে না। চলন্ত সিঁড়ি বেয়েই উঠছেন সবাই। বিমানবন্দর কিংবা রেলস্টেশন থেকে বড় ব্যাগ সঙ্গে নিয়ে আসা যাত্রীদেরও পোহাতে হচ্ছে না কোনো ঝামেলা। অন্যদিকে পদচারী-সেতু বাদ দিয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে রাস্তা পারাপারের প্রবণতাও কমেছে। এতে করে বিমানবন্দর ক্রসিংয়ে নির্দিষ্ট সিগন্যাল ব্যতীত যান চলাচল স্বাভাবিক থাকছে।
বিমানবন্দর বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, চলন্ত সিঁড়ির অংশটি বন্ধ থাকার সময় সেতুর এক পাশ দিয়ে চলাচলে লোকজনের ভিড় থাকত। তখন বাধ্য হয়েই অনেকে মূল সড়ক দিয়ে রাস্তা পারাপার হতেন। তবে এখন আগের মতোই অধিকাংশ মানুষ সেতু দিয়ে চলাচল করেন।
সিঁড়িটি চালু করা হলেও ১৭ আগস্ট উদ্বোধনের পর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসের পরিচালনাসংক্রান্ত ব্যয় এখনো পরিশোধ করা হয়নি সিঁড়িটির সরবরাহকারী প্রতিষ্ঠানকে।
হরাইজন টেকনোর সহকারী ব্যবস্থাপক আহসান হাবিব মুঠোফোনে জানান, পাওনা পরিশোধের আশ্বাস পাওয়ার পর চলন্ত সিঁড়িটি চালু করে দেওয়া হয়।