কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে। পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধনের পর কেটেও গেছে প্রায় দুই বছর। কিন্তু আজও মেলেনি অনুমোদন, তাই চালু করা যাচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম।কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয় কয়েক বছর আগে। এ জন্য ২০০৭-০৮ অর্থবছরে চার কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকার প্রকল্প গৃহীত হয়। যথারীতি কাজ শেষ হয়। স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য আ. মান্নান নতুন ভবনের উদ্বোধন করেন। নতুন দোতলা ভবনে রয়েছে ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। এ ছাড়া চিকিৎসকদের জন্য ১২টি আবাসিক কোয়ার্টারও তৈরি করা হয়েছে। কিন্তু প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আজ পর্যন্ত ৫০ শয্যার কার্যক্রম চালু করা হয়নি। পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। এদিকে বর্তমানে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সেখানে আছে সেবিকা-সংকট ১০ মাস ধরে। এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে আছে, রয়েছে যন্ত্রপাতির সংকট। এ অবস্থায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ফেকামারা গ্রামের আয়েশা খাতুন বলেন, ‘প্রচুর রোগী দুই ঘণ্টা চেষ্টা করে ডাক্তারের দেখা পেয়েছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. মোক্তাদির ভূঁইয়া বলেন, ‘৫০ শয্যায় উন্নীত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তা ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সিজার করা সম্ভব হচ্ছে না। চিকিৎসক ও নার্সদের সেবার মান বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’কিশোরগঞ্জের সিভিল সার্জন হোসেন সারোয়ার বলেন, ‘আমি সদ্য যোগ দান করেছি। তবে ৫০ শয্যার জন্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়নি। ফলে কিছু সমস্যা হচ্ছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’