চালু হয়নি পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ব্যয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ না করার কারণে বন্ধ করে দেওয়া বিমানবন্দর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর চলন্ত সিঁড়িটি এখনো চালু হয়নি। ফলে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় রাস্তা পারাপারে সেতু ব্যবহার করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা।
গতকাল সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের চলন্ত সিঁড়ির অংশ তালা দেওয়া। ফলে এক পাশ দিয়ে ভিড় ঠেলে সেতুতে ওঠানামা করছেন পথচারীরা। পদচারী-সেতুতে ভিড় দেখে অনেকে আবার ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছেন। এভাবে রাস্তা পারাপারের কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। যানজট ও দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিমানবন্দর কিংবা রেলস্টেশনের যেসব যাত্রীর সঙ্গে বড় ব্যাগ অথবা মালপত্র আছে, তাঁরা পড়ছেন বেশি সমস্যায়।
দক্ষিণখানের বাসিন্দা সোহরাব হাসান বলেন, এটি রাজধানীর ব্যস্ততম বাসস্ট্যান্ডের একটি। প্রতিদিন অনেক মানুষ এই সেতু ব্যবহার করে রাস্তা পারাপার হয়। কিন্তু এমন একটি স্থানের পদচারী-সেতুর এক পাশ এত দিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
সকাল ও বিকেলে সেতু দিয়ে পারাপার হওয়া লোকের সংখ্যা বেশি থাকে। তখন পদচারী-সেতুতেও সৃষ্টি হয় জট। অনেকে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে রাস্তা পার হন।
২৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি ১০ দিন ধরে বন্ধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে সেতুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম সেতুটি শনিবারের মধ্যে চালুর ব্যবস্থা করার কথা বলেছিলেন। কিন্তু সেতুটি চালু হয়নি।
পরিচালনাসংক্রান্ত ঝামেলার কারণে ১৫ ফেব্রুয়ারি সেতুটি বন্ধ করে দেয় চলন্ত সিঁড়ির সরবরাহকারী প্রতিষ্ঠান হরাইজন টেকনো লিমিটেড। জানতে চাইলে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে সেটি ফলপ্রসূ হয়নি।’