চালু হয়েছে দ্রুতযান এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুড়িয়ে দেওয়ার ১১ দিনের মাথায় দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস গতকাল শুক্রবার আবার চালু হয়েছে। সকাল আটটা ২২ মিনিটে দিনাজপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটি পূর্ণাঙ্গ কোনো ট্রেন নয়। রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে বগি সংগ্রহ ও সমন্বয় করে ট্রেনটি আবার চালু করা হলো। এ অঞ্চলের যাত্রীদের জরুরি চাহিদার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ট্রেনটি দ্রুত চালুর উদ্যোগ নেয়।’ট্রেনটির পরিচালক মো. আবদুস সবুর খান জানান, একটি প্রথম শ্রেণীর কুপ, একটি চেয়ার কোচ, শোভন শ্রেণীর দুটি চেয়ার কোচ এবং ছয়টি শোভন সাধারণ কোচসহ মোট ১০টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করছে। এতে কোনো খাবারের গাড়ি নেই। পুড়ে যাওয়া ইঞ্জিনটি পার্বতীপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে। দেশে চলমান ট্রেনগুলোর নির্দিষ্ট কোনো ইঞ্জিন নেই। কারণ, যতগুলো ট্রেন চলাচল করে, ইঞ্জিন রয়েছে তার চেয়ে কম। ফলে একটি ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর ওই ইঞ্জিন নিকটবর্তী সময়ে অন্য ট্রেনকে নিয়ে যাত্রা করে। এ প্রক্রিয়ায়ই দ্রুতযান ট্রেনটির ইঞ্জিনও সমন্বয় করা হয়েছে।দিনাজপুর রেলস্টেশনের টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, ১৪১ জন যাত্রী নিয়ে ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে যায়। দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত মোট ১৬টি স্টেশনে ট্রেনটি থামবে।১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মূলীবাড়ী রেলগেট-সংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত চলার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ট্রেনের ১১টি বগিতে আগুন ধরিয়ে দেয়। এতে গত ১০ দিন ট্রেনটির চলাচল বন্ধ ছিল।দিনাজপুর রেলস্টেশনের মাস্টার মো. আনোয়ারুল ইসলাম জানান, এত বড় একটি দুর্ঘটনার মাত্র ১০ দিন পর দ্রুতযান ট্রেনটি আবার চালু করা রেলওয়ের জন্য অবশ্যই একটি বড় সাফল্য। ট্রেনের যাত্রী দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের কৃষক মতিয়ার রহমান (৮০) বলেন, ‘ট্রেন হইল নিরাপদ যান। কোচত উঠিলে কখন যে অ্যাকসিডেন্ট হবি, সেই দুশ্চিন্তায় জানটা হাতের তালুত নিয়া ঢাকা-রাজশাহী বিভিন্ন জাগাত যাবা হয়। পুড়ি দিবার মাত্র ১০ দিন পর ট্রেনটা ফির চালু হলি। এই জন্য সরকারক সাধুবাদ দেঁছো মুই।’