চালু 'বোমা মেশিন' রেখে পরিত্যক্তগুলো ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে পাথর তোলার কাজে ব্যবহৃত ‘বোমা মেশিন’ ধ্বংস করতে টাস্কফোর্সের অভিযান হয়েছে গতকাল সোমবার। এ সময় পাঁচটি বোমা মেশিন পরিত্যক্ত অবস্থায় পেয়ে ধ্বংস করা হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, গতকাল অভিযান চলাকালে পিয়াইন নদের তীরে শতাধিক বোমা মেশিন চললেও সেখানে অভিযান চালানো হয়নি। তাই টাস্কফোর্সের অভিযান লোক দেখানো কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি প্রশাসনিক কাজে সিলেট গিয়েছিলাম। তাই অভিযানে থাকতে পারিনি। বন্ধ বা চালু বলে কোনো কথা নেই, সব বোমা মেশিনই অবৈধ। টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানে সব ধ্বংস করা হবে।’
জাফলং এলাকায় কোয়ারি থেকে পাথর তোলার কাজে ব্যবহৃত যন্ত্র ‘বোমা মেশিন’ নামে পরিচিত। জাফলংয়ের দুই নদ পিয়াইন ও ডাউকির তীরে বোমা মেশিন বসিয়ে কয়েক বছর ধরে পাথর তোলা হচ্ছে। এ যন্ত্র দিয়ে পাথর তুললে ভূগর্ভস্থ মাটির স্তর পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে একটি রিট করে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বোমা মেশিনের গ্রাসে জাফলংয়ের প্রকৃতি’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গতকাল ওই অভিযান চালায়। সহকারী কমিশনার (ভূমি) আসাফ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, চা-বাগান হয়ে পিয়াইন নদের চরে অভিযানকারীরা পৌঁছামাত্র স্থানীয় লোকজন সচল বোমা মেশিনগুলো দেখিয়ে দেন। কিন্তু সেদিকে অভিযানকারীরা যাননি। তাঁরা পরিত্যক্ত পাঁচটি বোমা মেশিনে আগুন দেন।
সহকারী কমিশনার (ভূমি) আসাফ আহমেদ বলেন, অভিযানে ধ্বংস করা বোমা মেশিন সচল ছিল। অভিযান নিয়ে প্রশ্ন ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘বোমা মেশিন চালাচ্ছে বিরাট একটি চক্র। কৌশলী হয়ে অভিযান চালাতে হয়। এক দিনে তো পিয়াইন নদ আর জাফলংকে মুক্ত করার সাধ্য নেই।’