চালুই হয়নি অন্তর্বিভাগ, বিকেলে বন্ধ জরুরি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয় ২০১০ সালের ৪ জুলাই। এখনো এখানে অন্তবিভাগের সেবা চালু হয়নি। বিকেল পাঁচটার পর হাসপাতালটিতে জরুরি বিভাগের সেবাও বন্ধ থাকে বলে অভিযোগ করেছেন রোগীরা।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, চিকিৎসক ও লোকবল-সংকটের কারণে উপজেলার আড়াই লাখ বাসিন্দা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। রয়েছে ওষুধ-সংকট। হাসপাতালে আসা রোগীদের পানির সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শৌচাগারগুলো অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকায় সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে।
হাসপাতালটির প্রধান সহকারী ফরিদ উদ্দিন বলেন, এখানে ১০ জন চিকিৎসকের স্থলে ৭ জন রয়েছেন। তাঁদের মধ্যে জাকিয়া শারমিন নামের একজন প্রেষণে অন্যত্র কর্মরত রয়েছেন। এ ছাড়া ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন।
তবে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসককেই কর্মস্থলে পাওয়া যায়নি।
হাসপাতালটির ডাটা এন্ট্রি অপারেটর আমান আহমদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমেদ ও চিকিৎসক আসিফ চৌধুরী জরুরি সভায় সিভিল সার্জন কার্যালয়ে রয়েছেন। চিকিৎসক শুক্লা রানী দাশ ও শওকত উদ্দিন আহমদ ১৫ দিনের ছুটিতে রয়েছেন। সৈয়দ এহছান মাহমুদ জরুরি বিভাগে বিকেলে দায়িত্ব পালন করবেন। অপর চিকিৎসক আবদুস সামাদ দুপুরের খাবার খেতে বাইরে রয়েছেন।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ওই সময় একজন চিকিৎসক থাকার কথা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নিচতলার দুটি কক্ষে জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা নমিতা দাশ এবং তেতলি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন জেবুন্নাহার মণি বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
জেবুন্নাহার মণি বলেন, চিকিৎসক-সংকট থাকায় তাঁকে হাসপাতালে তিন দিন রোগী দেখার দায়িত্ব পালন করতে হয়।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্র জানায়, এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অস্ত্রোপচার বন্ধ রয়েছে। নেই এক্স-রে মেশিন। আলট্রাসনোগ্রাফির একটি যন্ত্র দুই বছর আগে এলেও সেটা শুরু থেকেই বিকল রয়েছে। প্রশাসনিক অনুমোদনে পুরুষ, শিশু ও নারীদের জন্য পৃথক তিনটি ওয়ার্ডের অবকাঠামো থাকলেও মন্ত্রণালয়ের আর্থিক অনুমোদন না পাওয়ায় তা চালু হয়নি। নেই গ্যাস-সংযোগও। নিরাপত্তাবেষ্টনী তৈরি না হওয়ায় পুরো হাসপাতাল অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৩০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।
এক রোগীর অভিভাবক সালাহ উদ্দিন বলেন, পেটব্যথা, মাথাব্যথা ছাড়া অন্য কোনো রোগের চিকিৎসা এখানে পাওয়া যায় না। অন্তবিভাগ চালু না থাকায় রোগীরা এখানে আসতে আগ্রহী হন নন। বিকেল চারটা-পাঁচটার পর হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। তখন জরুরি সেবাও পাওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, অন্তবিভাগ চালুর জন্য অবকাঠামো থাকলেও রান্নাবান্না করার সরঞ্জাম থেকে শুরু করে পাচক—কিছুই নেই। ৩১ শয্যার বিপরীতে শয্যা দেওয়া হয়েছে ২০টি। এসব সংকট দূর করার পর অন্তবিভাগ চালুর প্রস্তুতি নেওয়া হবে। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি লেখা হয়েছে।