
নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুবছর পার হলেও বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে বেলতলা এলাকার পানি শোধনাগারটি চালু হয়নি। এতে শোধনাগারের স্থাপনা ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
শুধু তা-ই নয়, ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারের (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনাগুলো কীর্তনখোলার ভাঙনের মুখে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত দেড় মাসে কীর্তনখোলার ওই অংশে ভাঙনের তীব্রতা বেড়েছে। স্থানীয় লোকজন বলছেন, দ্রুত ভাঙনরোধে বড় কোনো উদ্যোগ না নিলে বর্ষার আগেই শোধনাগারের অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সূত্র জানায়, পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৪৩ কোটি টাকা ব্যয়ে নগরে দুটি পানিশোধনাগারের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করে। নগরের উত্তরে বেলতলায় ১৯ কোটি টাকা ব্যয়ে এবং দক্ষিণ দিকে রূপাতলী এলাকায় ২৪ কোটি টাকা ব্যয়ে শোধনাগার দুটির নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের জুনে। কিন্তু সিটি করপোরেশনের ২৭ কোটি ৬৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় ওজোপাডিকো দুই বছরেও শোধনাগার দুটিতে বিদ্যুৎ-সংযোগ দেয়নি। ফলে শোধনাগার এগুলো চালু করা যায়নি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল আলম বলেন, বিদ্যুৎ-সংযোগের অভাবে নির্মাণকাজ শেষ হওয়ার দুবছরেও প্ল্যান্ট দুটি চালু করা যায়নি। অব্যবহৃত পড়ে থাকায় ইতিমধ্যে শোধনাগার দুটির বিভিন্ন স্থাপনায় ত্রুটি দেখা দিয়েছে। বিশেষ করে বেলতলা এলাকার শোধনাগারটি কীর্তনখোলার ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। শিগগিরই ভাঙনরোধে কার্যকর কোনো ব্যবস্থা না নিলে এটি রক্ষা করা দুরূহ হয়ে পড়বে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেলতলা শোধনাগারটির মূল ফটকের সামনের অংশের প্রায় ৪০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পূর্ব পাশের বিশাল অংশ ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। ভাঙন এখন প্ল্যান্টের খুব কাছে চলে এসেছে। প্ল্যান্টে চলাচলের সড়কটির নিচের মাটি ধসে গেছে। পূর্ব পাশের কেমিক্যাল ভবন, ট্যাংকি ও পানি ধরে রাখার পুকুরগুলোর পাড় পর্যন্ত ভাঙন চলে এসেছে। নিচের মাটি ও বালি ধসে যাওয়ায় একটি ভবনের একাংশ শুধু পিলারের ওপর দাঁড়িয়ে আছে। দুবছর ধরে অব্যবহৃত থাকায় ভেতরের হাউসে পানি জমে শেওলা পড়ে শুকিয়ে আছে। অন্য যন্ত্রপাতিগুলোতেও মরচে ধরে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, শোধনাগারের স্থাপনা রক্ষায় গত বছর জরুরি ভিত্তিতে ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ হাজার বালুভর্তি বস্তা ফেলা হয়েছিল। ওই সময় শোধনাগারটি সাময়িক রক্ষা পায়। কিন্তু এ বছর ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় পুরো স্থাপনাটি মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।
পাউবো বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকাকে ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ৩৯৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিলাম। সেটা প্রি-একনেকে উঠেছিল। সেখানে আমাদের ব্যয় কমাতে সুপারিশ করা হয়েছে। আমরা সেটা কিছুটা সংশোধন করে পুনরায় প্রস্তাবটি পাঠাব এবং আমরা চেষ্টা করছি যাতে দ্রুত একনেকে প্রকল্পটি অনুমোদন হয়। আপাতত পরিস্থিতি সামাল দিতে আমরা সিটি করপোরেশনের কাছে সাত লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।’
সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার ভাঙন রক্ষায় পাউবো টাকা চেয়েছিল। কিন্তু ওখানে যত টাকাই দিই না কেন, তা সবই জলে যাবে।’
সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশনের ৫ লাখ অধিবাসীর জন্য ৫ কোটি ৫০ লাখ লিটার বিশুদ্ধ পানির প্রয়োজন। বর্তমানে করপোরেশনের পাম্পগুলো থেকে পানি উত্তোলন হচ্ছে ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার লিটার।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, নদীভাঙনের বিষয়টি সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়, এটা পাউবোর বিষয়। তাই প্ল্যান্টটি রক্ষায় পাউবো উদ্যোগ নেবে।