দুই কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৭৮৯ টাকা ব্যয়ে নির্মিত নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটি ২০১২ সালের ২৫ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান৷ এখনো পর্যন্ত ভবনটি চালু হয়নি৷ এর আগেই ভবনে ফাটল দেখা দিয়েছে৷ ঘুণপোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের দরজাও৷
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নরসিংদী কার্যালয় থেকে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে তিন তলাবিশিষ্ট ওপিডি ভবন ও আবাসিক ভবনের নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ২০০৭ সালের ২ ফেব্রুয়াির ‘মেসার্স স্ক্যান অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই নির্মাণকাজ পায়৷ প্রতিষ্ঠানটি ২০০৭ সালের ২৮ জুন ভবন নির্মাণের কাজ শুরু করে। কাজ শুরু করার পর দেড় বছরের মধ্যে তা শেষ করার কথা ছিল৷ কিন্তু প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি৷ ২০১২ সালের ২৫ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাসপাতাল কর্তৃপক্ষকে ভবনটি বুঝিয়ে দেয়৷ এরপর প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং যন্ত্রাংশ না কেনায় ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে না পারায় ভবনটিও অব্যবহৃত ছিল৷ বর্তমানে ভবনের নিচতলায় বড় ধরনের একটি ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ভবনের কাঠের দরজাগুলোতে ঘুণপোকায় আক্রমণ করেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনটির নিচতলার ৯ ও ১০ নম্বর সংযোগ বরাবর ১০ ফুট দীর্ঘ একটি ফাটল রয়েছে৷ এ ছাড়া ৬, ১২ এবং ১৫ নম্বর কক্ষের ও কয়েকটি শৌচাগারের কাঠের দরজায় ঘুণপোকায় আক্রমণ করেছে।
স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘যে ভবন চালুর আগেই ফাটল দেখা দিয়েছে, তাতে কী মানের কাজ হয়েছে বোঝাই যাচ্ছে। আর মনে হচ্ছে, নির্মাণকাজের সময় স্বাস্থ্য প্রকৌশলীরা আন্তরিক ছিলেন না।’
ভবনে ফাটল সৃষ্টি হওয়ার বিষয়ে জানতে চাইলে মেসার্স স্ক্যান অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক ‘আর কোনো অভিযোগ?’ বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘ফাটলের বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আমি খোঁজ নেব। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।’
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। ব্যবহারের আগেই ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া দরজাগুলোর কাঠও অনেক নিম্নমানের। যে কারণে ঘুণপোকার আক্রমণ হয়েছে৷ পোকার আক্রমণে বর্তমানে অনেক দরজাই নষ্ট হয়ে গেছে।