চালুর এক মাসেই লোকাল ট্রেনটি বন্ধের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হওয়ার পর এক মাস না যেতেই রেলওয়ের সিলেট-আখাউড়া সেকশনের ৩৫১/৩৫২ লোকাল ট্রেনটি বন্ধের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ট্রেনটির চলাচল অব্যাহত রাখাসহ আরও দুটি লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকার সাংসদ।রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট রেলওয়ের সিলেট-আখাউড়া সেকশনে যাত্রী সাধারণের চাহিদা বিবেচনা করে ওই ট্রেনটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ জুলাই থেকে চারটি বগি নিয়ে ট্রেনটি সিলেট-আখাউড়া সেকশনে চলাচল শুরু করে। কিন্তু অভিযোগ রয়েছে, ট্রেনটি চালুর এক মাস যেতে না যেতেই একটি প্রভাবশালী মহল ট্রেনটি আখাউড়া-সিলেট সেকশন থেকে প্রত্যাহার করে শায়েস্তাগঞ্জ-ভৈরব রেলপথে চালুর পাঁয়তারা করছে। এদিকে ওই ট্রেনটি বন্ধের পাঁয়তারা বন্ধের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নবাব আলী আব্বাস খান। তিনি জনস্বার্থে সিলেট অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে এই সেকশনে আরও দুটি ট্রেন অবিলম্বে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের মহাপরিচালকের কাছে একটি অনুরোধপত্র পাঠিয়েছেন। সাংসদ নবাব আলী আব্বাস খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের কুলাউড়া স্টেশন সূত্রে জেনেছি এই লোকাল ট্রেনটি বদলে শায়েস্তাগঞ্জ-ভৈরব লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। এমনিতেই এ এলাকার ট্রেন লাইনের অবস্থা খারাপ, প্রয়োজনীয় ট্রেন নেই। এ নিয়ে কতবার যে সংসদে কথা বলেছি। কোনো কাজ হচ্ছে না।’ সাংসদ জানান, এলাকার সাধারণ মানুষ লোকাল ট্রেনে চলাচল করতে পারে। এক বাজার থেকে আরেক বাজারে সহজে যেতে পারে। কিন্তু ট্রেনটি বন্ধ হলে তারা আর এ সুযোগ পাবে না। এ বিষয়ে তিনি রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানান। কুলাউড়া রেলওয়ে জংশনের সহকারী স্টেশনমাস্টার হরিপদ সরকার গতকাল বলেন, ‘আমরাও মুখে মুখে শুনছি। তবে এখনো অফিশিয়ালি লিখিতভাবে কিছু পাইনি।’