চালুর কয়েক ঘণ্টার মধ্যেই পাটুরিয়ায় ফেরি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে আট কোটি টাকা ব্যয়ে শাহ্ পরান নামে একটি রো রো ফেরি মেরামত করে চালু করার তিন দিন পর এটি বিকল হয়ে পড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) তত্ত্বাবধানে চট্টগ্রামের একটি বেসরকারি ডকইয়ার্ডে মেরামত শেষে গত শুক্রবার পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরিটি চালু করা হয়।বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের প্রথম দিকে শাহ্ পরান ফেরিটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় সাড়ে আট কোটি টাকার সর্বনিম্ন দর প্রস্তাব করে কাজটি পায় চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান। মেরামত শেষে নয় মাস পর গত ১৭ এপ্রিল ফেরিটি বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হয়। বিআইডব্লিউটিসির আরিচা উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল কর্ণফুলী শিপ বিল্ডার্স থেকে ফেরিটি নেওয়া হয় মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে। সেখান থেকে গত শুক্রবার ফেরিটি নেওয়া হয় পাটুরিয়ায়। শুক্রবার বেলা ১১টা থেকে ফেরিটিতে যানবাহন পারাপার শুরু করা হয়। কিন্তু শনিবার ভোর পাঁচটার দিকে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত ছাড়াই শনিবার বিকেল সোয়া পাঁচটায় ত্রুটিযুক্ত ফেরিটি দিয়ে আবার যানবাহন পারাপার শুরু করা হয়। গতকাল সোমবার বেলা তিনটায় ফেরিটি বিকল হয়ে পড়লে মেরামতের জন্য পাটুরিয়ার বিআইডব্লিউটিসির ভাসমান কারখানা মধুমতীতে নেওয়া হয়।মধুমতীর ইনচার্জ প্রকৌশলী এনামুল হক বলেন, শুক্রবার ফেরিটি চালু করার পর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রপেলার শেপে (যার সাহায্যে পাখা ঘোরে) কাঁপনসহ বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। শনিবার ভোর পাঁচটার দিকে ফেরিটির যাত্রা বন্ধ করে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ত্রুটিপূর্ণ ফেরিটি দিয়ে আবার যানবাহন পারাপার শুরু করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল বিকেলে আবার তা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পুনরায় চালু করা হলে যেকোনো সময় ফেরিটির বড় ধরনের ক্ষতি হতে পারে।নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসি এবং ফেরির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, পুরোনো একটি প্রপেলার শেপ মেরামত করে শাহ্ পরানে স্থাপন শেষে চালুর কয়েক ঘণ্টা পরই প্রপেলার শেপে ত্রুটি দেখা দেয়। বিষয়টি আড়াল করার জন্যই কর্তৃপক্ষ ঝুঁকি নিয়ে ত্রুটিযুক্ত ফেরিটি চালু রাখার নির্দেশ দিয়েছে।গত রোববার শাহ্ পরান ফেরিতে গিয়ে দেখা যায়, ফেরিটির ভেতরের অংশ (বডি সিলিং) মেরামত করা হয়েছে পুরোনো জাহাজের শিট (কাঠ বা প্লাই বোর্ড) দিয়ে। যাত্রীদের জন্য লাগানো ফ্যানগুলো কড়কড় শব্দ করছে। ফেরির ক্যানটিনে স্থাপন করা চুল্লিটিও পুরোনো। ক্যানটিনের একজন কর্মচারী বলেন, মেরামতে নেওয়ার আগে ক্যানটিনে থাকা চুল্লিটিও এর চেয়ে ভালো ছিল।বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী নিরঞ্জন কুমার পোদ্দার প্রপেলার শেপে ত্রুটি ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘মেরামতকাজ চলছে। মেরামত শেষে আবার ফেরিটি চালু করা হবে বলে আশা করছি।’ অন্য সব ত্রুটির ব্যাপারে তিনি বলেন, চুক্তি অনুযায়ী সব কাজই আদায় করা হবে।