আনুষ্ঠানিক উদ্বোধনের সাত মাসেও পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শিংপাড়ায় স্থাপিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি চালু হয়নি। উদ্বোধনের তিন দিন পরেই স্টেশনের ওজন পরিমাপক বৈদ্যুতিক যন্ত্রটি বিকল হয়ে যায়। তারপর থেকে স্টেশনটি এভাবে মুখ থুবড়েই আছে।
সওজ বিভাগ ও পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন ঠেকাতে শিংপাড়ায় ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রটি নির্মাণের জন্য সরকারের রাজস্ব তহবিল থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অবকাঠামো ও চীন থেকে আনা বৈদ্যুতিক যন্ত্রটি স্থাপনের পর গত বছরের ২৫ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর এটি পরীক্ষামূলকভাবে চালুও করা হয়। কিন্তু তিন দিনের মাথায় কেন্দ্রের বৈদ্যুতিক যন্ত্রটি বিকল হয়ে যায়।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোমেনুল ইসলাম মৃধা বলেন, ‘ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি চালু না হওয়ায় বেপরোয়াভাবে অতিরিক্ত পণ্য পরিবহনের সুযোগ নিচ্ছেন যানবাহনমালিকেরা। মহাসড়ক ও সেতুর স্থায়িত্ব কমে যাচ্ছে।