চালুর পরিকল্পনা চূড়ান্তহবে ভারতের বৈঠকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর (বিসিআইএম-ইসি) চালুর লক্ষ্যে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে বিশেষজ্ঞ পর্যায়ের ওই বৈঠকে অর্থনৈতিক করিডর বাস্তবায়নের পথনকশার একটি রূপরেখা চুক্তিতে সই করতে পারে চার দেশ।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে বাংলাদেশ, চীন, ভারত ও িময়ানমার ইকোনমিক করিডরের (বিসিআইএম-ইসি) যৌথ সমীক্ষাÿদলের বৈঠকের শেষ দিনে এ সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর চার দেশের কর্মকর্তারা সম্মত কার্যবিবরণীতে সই করেন।
সম্মত কার্যবিবরণীতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের উপমহাপরিচালক ইয়াইমিং ওয়াং, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রদীপ কুমার রাওয়াত এবং ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান সই করেন।
আলোচনা শেষে পররাষ্ট্রসচিব গণমাধ্যমকর্মীদের জানান, আগামী বছরের দ্বিতীয়ার্ধে ভারতে তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চার দেশের নিজস্ব পরিকল্পনার প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। দুই দিনের আলোচনার প্রথম দিনে গত বুধবার চার দেশের প্রতিনিধিরা বিসিআইএম-ইসির ব্যাপারে জাতীয় পরিকল্পনা তুলে ধরেন।
চার দেশের মধ্যে সময়সীমা ধরে অর্থনৈতিক করিডর চালুর লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে সম্মত কার্যবিবরণীতে। এ জন্য প্রয়োজনে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব করেছেন চার দেশের প্রতিনিধিরা। সম্মত কার্যবিবরণীতে বহুমাত্রিক যোগাযোগ, পণ্য ও সেবা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থায়ন, বাণিজ্য উদারীকরণ, জ্বালানি, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ, মানুষের মধ্যে যোগাযোগ নিয়ে কাজ করার ব্যাপারে চার দেশের সম্মতির কথা বলা হয়েছে। এ বিষয়গুলোর পাশাপাশি দুই দিনের বৈঠকে অর্থনৈতিক করিডর চালুর অন্যতম উপাদান হিসেবে কৃষি, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।
বিসিআইএম-ইসির অর্থনৈতিক করিডরকে কার্যকর করার লক্ষ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন করতে হবে। বিশেষ করে, চার দেশের যোগাযোগ প্রতিষ্ঠায় অবকাঠামো গড়ে তুলতে হবে। এ ছাড়া বিদ্যমান সড়ক, রেল ও নৌপথে সংস্কারের পাশাপাশি আন্তসীমান্ত¯অবকাঠামোর আধুনিকায়ন করতে হবে। এসব কাজে প্রাথমিকভাবে ২২ বিলিয়ন ডলার প্রয়োজন বলে প্রতিনিধিরা দুই দিনের আলোচনায় মত দিয়েছেন।
যৌথ সমীক্ষা দলের প্রথম বৈঠক গত বছরের ডিসেম্বরে চীনে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে বিসিআইএম-ইসির উদ্যোগটি নেওয়া হয়। এ প্রক্রিয়ায় কুনমিংয়ের সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপিত হবে মিয়ানমার আর বাংলাদেশের মধ্য দিয়ে।