চালুর ৯ দিনের মধ্যে আবার উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন মাস পর চালু হওয়ার নয় দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল)। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল শনিবার দুপুরে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
সিইউএফএল সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে গত ২৩ জানুয়ারি রাতে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
এ বিষয়ে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার দুপুর থেকে ইউরিয়ার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আলম মজুমদার জানান, রিঅ্যাক্টর নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সিইউএফএল সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহের জন্য গত বছরের ১৮ মার্চ থেকে রাষ্ট্রায়ত্ত এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। গত ১ সেপ্টেম্বর গ্যাস পাওয়ার পরে ৯ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। কিন্তু দুই সপ্তাহ না যেতেই কারখানার রিঅ্যাক্টর নষ্ট হলে আবারও বন্ধ হয় কারখানা। ত্রুটি সারিয়ে এ বছরের জানুয়ারি মাসে উৎপাদনে যাওয়ার আট দিনের মাথায় কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।