চালের আড়ত উচ্ছেদের পর অবৈধ রিকশা গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুবাজারে বাংলাদেশ–চীন মৈত্রী সেতুর নিচে অবৈধ রিকশা গ্যারেজ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বাবুবাজারে বাংলাদেশ–চীন মৈত্রী সেতুর নিচে অবৈধ রিকশা গ্যারেজ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বাবুবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে চালের অবৈধ আড়ত উচ্ছেদের পর আবার গড়ে ওঠেনি বটে, তবে সেখানে তৈরি হয়েছে রিকশার অবৈধ গ্যারেজ। বেশির ভাগ রিকশার লাইসেন্স নেই। কিছু রিকশার ভুয়া লাইসেন্স। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আসরও বসে।
গত সপ্তাহে বাবুবাজার এলাকায় গিয়ে রিকশার অবৈধ গ্যারেজ দেখা যায়। বাবুবাজার সেতুটির আনুষ্ঠানিক নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-২’। দেড় দশক আগে সেখানে চালের আড়ত গড়ে ওঠে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেখানে একবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। পরে আবার তা গড়ে ওঠে। গত বছর ২৩ ডিসেম্বর ও চলতি বছর ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দুই দফায় অভিযান চালিয়ে চালের আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর সেখানে আর আড়ত গড়ে ওঠেনি। রাস্তার পাশে চালের একজন পাইকারি বিক্রেতা আবুল মিয়া বলেন, সেতুর নিচে তাঁর চালের গুদাম ছিল। এখন গুদাম সরিয়ে নিয়েছেন ধোলাই খাল এলাকায়। যাতায়াতে ঝামেলাও মেনে নিয়েছেন। আরও কয়েকজন বিক্রেতা তাঁকে অনুসরণ করেছেন। এক মাসের মধ্যে দুই দফায় উচ্ছেদ অভিযান চালানোর পর তাঁরা আর স্থাপনা তৈরির চেষ্টা করেননি।
নদীর দিকে যাওয়ার পথে সেতুর নিচে একটি গণশৌচাগার। সেই শৌচাগারের নিচের অংশ আড়াল করে দিয়েছে রিকশার সারি। সব মিলিয়ে অন্তত ২০০ রিকশা দাঁড়িয়ে। কোনো কোনো রিকশার চালক রিকশার আসনে বসেই একটু ঘুমিয়ে নিচ্ছেন। কিছু রিকশার পেছনে দেখা গেল শ্রমিক লীগের নম্বর প্লেট। তিনজন রিকশাচালক দাবি করেন, তাঁদের নম্বর ‘অরিজিনাল’। কয়েকজন রিকশাচালক বলেন, তাঁরা শুনেছেন তাঁদের রিকশার নম্বর আরও অনেক রিকশার গায়ে আছে। কিন্তু তাঁদের কিছু করার নেই।
রিকশার অবৈধ গ্যারেজ এখন মিটফোর্ড-ইসলামপুর যাতায়াতের পথে বাড়তি যানজট সৃষ্টি করছে—দোকানিদের এমন অভিযোগ। দেখা গেল, মিটফোর্ড হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরোনোর চেষ্টা করছে সামনে রিকশা-অটোরিকশার জট ঠেলে। সেতুর নিচের রাস্তায়ও রিকশা ও ভ্যান জড়ো হয়ে মূল সড়কে চলে এসেছে। কিছু অটোরিকশা মিটফোর্ডের প্রবেশপথের ডান দিকে দাঁড়িয়ে। বেঁধে গেছে যানজট। অ্যাম্বুলেন্স থেকে বিরতিহীন সাইরেন বাজছে।
রাস্তায় ভ্যান দাঁড় করিয়ে আখের রস বিক্রি করছিলেন আবদুল লতিফ। তাঁকে পুলিশ সরিয়ে দেয়। দুজন পুলিশ সদস্যকে দেখা যায় সেতুর নিচে দাঁড়িয়ে গল্প করছেন। সেখানে রিকশা সরানোর ব্যাপারে তাঁদের কোনো তৎপরতা নেই। কয়েকজন দোকানি অভিযোগ করেন, সেতুর নিচে রিকশা রাখার ব্যাপারে পুলিশের সহায়তা আছে। নইলে রিকশা থাকে কী করে? কর্তব্যরত একজন পুলিশের সদস্য অবশ্য বলেন, ‘এটা আমাদের নয়, সিটি করপোরেশনের এখতিয়ার।’
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, বড় ধরনের উদ্যোগ নিয়ে চালের আড়তের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছিল। সেখানে রিকশা গ্যারেজ হয়ে থাকলে তা-ও উঠিয়ে দেওয়া হবে।