চালের কারখানার দূষিত পানিতে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গড়ে ওঠা কয়েকটি স্বয়ংক্রিয় চালের কারখানা (অটো রাইস মিল) থেকে নির্গত বিষাক্ত পানি রক্তদহ বিলের খালে মিশছে। এ কারণে বিলের মাছ মরে যাচ্ছে। এ ছাড়া ওই পানির গন্ধে বিলের পাশের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে মারাত্মক পরিবেশদূষণ। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ওই এলাকার মানুষ।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সান্তাহার পৌর এলাকায় খাড়ির সেতু এলাকাসহ শহরের আশপাশে রক্তদহ বিলের শাখা খাল ঘিরে গড়ে উঠেছে একাধিক কারখানা। এসব চাল কারখানার মধ্যে রয়েছে বৈশাখী, বুশরা, সুন্দরী, রহমানিয়া, কালাইকুড়ি, সালমান, মৌ ও নাহিদ৷ এসব কারখানার কোনোটিতেই পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই। এসব থেকে নির্গত বিষাক্ত পানি গিয়ে মিশছে বিলে। এ কারণে মাছ মরে যাচ্ছে। এ ছাড়া দূষিত পানির দুর্গন্ধে বিলের পাশের গ্রাম তিয়রপাড়া, কায়েতপাড়া, কাশিমিলা, প্রসাদখালী, দমদমাসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ গুরুতর পরিবেশদূষণের শিকার হচ্ছে। বিলের মাছ মরে যাওয়ায় এসব এলাকার জেলে পরিবার অনেকটা বেকার হয়ে পড়েছে।
প্রসাদখালী গ্রামের জেলে কানু হালদার, মুক্তি হালদার ও সুবল হালদার জানান, বর্ষা মৌসুমে তাঁরা যে মাছ ধরেন, তা বিক্রি করে তাঁদের সারা বছর চলে। কিন্তু এ বছর কারখানার দূষিত পানি বিলে আসায় তাঁরা মাছ ধরতে পারেননি। বিষয়টি তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অনেককে জানিয়েছেন। কিন্তু কেউ তাঁদের সাহায়তায় এগিয়ে আসেননি।
দমদমা গ্রামের বাসিন্দা গুলবর হোসেন জানান, পানির দুর্গন্ধে মানুষজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। দূষিত পানিতে কাজ করায় অনেক মানুষের চর্মরোগ দেখা দিয়েছে।
বৈশাখী চাল কারখানার মালিক ইসমাইল হোসেন জানান, সান্তাহার শহরে আটটি স্বয়ংক্রিয় চালের কারখানা রয়েছে। এর কোনোটিতে পানি শোধনাগার নেই। অন্য কারখানার মালিক পানি শোধনাগার মেশিন বসালে তিনিও বসাবেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বগুড়া পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা ক্ষীরোদ কুমার জানান, তিনি বিষয়টি বগুড়া পরিবেশ অধিদপ্তরকে অবহিত করবেন। বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কমল কুমার বর্মণ জানান, তিনি অচিরেই ওই সব কারখানা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।