চালের গুঁড়া তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এখন বাড়ি বাড়ি চালের গুঁড়া তৈরির ধুম পড়েছে। এখানে কোরবানির পশুর মাংস দিয়ে চালের গুঁড়ার বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।

গতকাল বৃহস্পতিবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, রণতিথা, মহেশপুর, লক্ষ্মীকোলাসহ বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় ঈদের সময় মাংসের সঙ্গে চালের গুঁড়া দিয়ে তৈরি রুটি ও চিতই পিঠা খাওয়ার চল আছে। এ জন্য ঈদের আগে বাড়িতে বাড়িতে চালের গুঁড়া তৈরি ও গুঁড়া রোদে শুকানোর ধুম পড়ে যায়। যাদের বাড়িতে ঢেঁকি আছে, সেখানে চলছে দিন-রাত গুঁড়া তৈরির কাজ। ঢেঁকির শব্দে জমজমাট এসব বাড়ি। যাদের ঢেঁকি নেই তারা যাচ্ছে ধান-গম ভাঙানোর কলে।

ধানগড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মাহফুজা বেগম বলেন, তাঁর বাড়িতে ঢেঁকি আছে। তিনি টাকার বিনিময়ে লোকজনের গুঁড়া তৈরি করে দেন। এক কেজি চাল গুঁড়া করতে ১০ টাকা নেন।

সারা বছরই চালের গুঁড়া করেন মাহফুজা। তবে কোরবানির ঈদের এ সময়ে তিনি দম ফেলার ফুরসত পান না।

মহেশপুর এলাকার রমিনা খাতুনের বাড়িতেও ঢেঁকি আছে। তিনি অবশ্য টাকার বিনিময়ে চালের গুঁড়া তৈরি করে দেন না। অনেকেই এসে নিজেদের উদ্যোগে তাঁর ঢেঁকি দিয়ে চালের গুঁড়া করে নিয়ে যান। কোরবানির ঈদের আগের এ সময়টা রমিনার ঢেঁকিতে অনবরত পাড় পড়তে থাকে।

ধানগড়া এলাকার শিক্ষক আকিদুল ইসলাম বলেন, আগের মতো এখন আর বাড়ি বাড়ি ঢেঁকি নেই। তাই অনেককে ঢেঁকিওয়ালা বাড়িতে ধরনা দিতে হয়। তা ছাড়া ঢেঁকিতে পাড় দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায় না। এত সব ভোগান্তি এড়াতে অনেকে বাজারে গিয়ে গম ভাঙানোর কলে চালের গুঁড়া করে আনেন।

এমন গৃহিণীদের একজন হাসি খাতুন। তাঁর সোজাসাপ্টা হিসাব: ঢেঁকিতে এক কেজি চালের গুঁড়া করতে ১০ টাকা মজুরি দিতে হয়। অথচ কলে ভাঙালে ৫ টাকা লাগে। আবার গ্রামেগঞ্জে এখন ঢেঁকিওয়ালা বাড়ি পাওয়াও দুষ্কর। তাই বিকল্প হিসেবে গম ভাঙানোর কলই ভালো।

তবে ধানগড়া এলাকার প্রবীণ নূরভানু বেগম বলেন, ঝামেলা এড়াতে এখনকার বউ-ঝিয়েরা চালের গুঁড়া করতে কলের শরণাপন্ন হন। কিন্তু অনেক পিঠাই আছে, যা কলে ভাঙানো গুঁড়া দিয়ে ভালো হয় না।