চালের চেয়ে ভুসির দাম বেশি, গরু খাচ্ছে ভাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে মানুষের খাবার চালের চেয়েও গো-খাদ্য খুদ ও ভুসির দাম বেশি। গো-খাদ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও খামারিরা।

এলাকার সাত-আটজন কৃষক, খামারমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি গমের ভুসি ২৮ টাকা করে বিক্রি হচ্ছে। আর চালের খুদ বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। অথচ এক কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ১৯ থেকে ২০ টাকায়।

কয়েকজন কৃষক বলেন, ভুসির দাম চালের দামের চেয়ে বেশি হওয়ায় তাঁরা নিজেদের গরুগুলোকে ভাত খাওয়াচ্ছেন।

উপজেলার কুড়াহার গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, এবার ধানের দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় তিনি কিছু ধান বিক্রি না করে রেখে দিয়েছেন। তাঁর একটি গরু আছে। খুদ বা ভুসির দাম বেশি হওয়ায় সেটিকে এখন ভাত রান্না করে খাওয়াচ্ছেন।

উপজেলার কাঠগাড়া গ্রামের আক্কাছ আলী (৫০) বলেন, ‘আমার বাড়িতে তিনটি বিদেশি জাতের গরু আছে। গরু তিনটির জন্য প্রতিদিন ৪০০ টাকার গো-খাদ্য কিনতে হয়। কিন্তু এখন ধানের দাম না পেয়ে প্রতিদিন গরুগুলোকে চাল রান্না করে খাওয়াচ্ছি। এতে কেনা গো-খাদ্য অর্ধেক লাগছে। ফলে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে।’

বেলভূজা গ্রামের কৃষক মন্টু মিয়া বলেন, ‘দেশে মানুষের খাদ্যপণ্যের চেয়ে পশুখাদ্যের দাম যে বেশি হতে পারে তা কোনো দিন দেখিনি। ভুসি ও খুদের দাম বেড়ে যাওয়ায় এখন গরুরও প্রধান খাদ্য হয়ে উঠেছে ভাত। ধান বিক্রি করেই গো-খাদ্য কিনতে হয়। কিন্তু ধানের চেয়ে গো-খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় এলাকার কৃষকেরা ভাতই গবাদিপশুকে খাওয়াতে শুরু করেছেন।’

উপজেলার শিবগঞ্জ হাটের গো-খাদ্য ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, সম্প্রতি তাঁর দোকান থেকে গো-খাদ্য বিক্রি বেশ কমে গেছে। তিনি মনে করেন গো-মালিকেরা গরুকে ভাত খাওয়ানো শুরু করায় তাঁর বিক্রি কমেছে। তিনি বলেন, আগে গড়ে প্রতি হাটবারে গোখাদ্য বিক্রি হতো ৫ হাজার টাকার। এখন বিক্রি হয় গড়ে সাড়ে ৩ হাজার টাকার মতো।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আমিনুল ইসলাম বলেন, ‘প্রতিদিন গরুপ্রতি সর্বোচ্চ আধা কেজি চালের ভাত খাওয়ানো যেতে পারে। এর বেশি ভাত খাওয়ালে গরুর এসিডিটিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।’