চালের ট্রাক ছিনতাই রোধে ব্যবস্থা নিন, নইলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালবোঝাই ট্রাক ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শেরপুরের ট্রাক ও চালকল মালিক সমিতিসহ পাঁচটি সংগঠন।গত শুক্রবার রাতে শেরপুর জেলা ট্রাক মালিক সমিতি, চালকল মালিক সমিতি, চাল আড়ত ব্যবসায়ী সমিতি, আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি চালক শ্রমিক ইউনিয়ন এবং বন্দোবস্তকারী সমিতির যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। জেলা শহরের গোপালবাড়ীর ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি মো. আবদুল হাই।সভায় বক্তারা বলেন, গাজীপুরে গত এক বছরে শেরপুরের মালিকদের ১০টি ট্রাক ছিনতাই হয়েছে। প্রশাসনের কাছে ছিনতাই রোধে পদক্ষেপ নেওয়ার আবেদন করেও কোনো লাভ হয়নি। ফলে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। ক্ষতির শিকার ট্রাক ও চালকল মালিকসহ সংশ্লিষ্ট অন্য ব্যবসায়ীদের অনেকেই ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় মহাসড়কে পণ্যবাহী ট্রাকের নিরাপত্তায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে শেরপুর জেলা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় আরও বলা হয়, শেরপুর থেকে প্রতিদিন চালবোঝাই শতাধিক ট্রাক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায়। পথিমধ্যে এসব ট্রাকের নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। গাজীপুর জেলার কয়েকটি স্থানে ছিনতাই হয়ে থাকে। দুর্বৃত্তরা পথ রোধ করে অস্ত্রের মুখে চাল ও অন্যান্য মালামালবোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পরে তারা ট্রাকের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল লুট করে বনবেষ্টিত এলাকায় ফেলে রেখে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এ পর্যন্ত দুজন ট্রাকচালক ও দুজন সহকারী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সভায় বক্তব্য দেন শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর, ট্রাক মালিক সমিতির সহসভাপতি মো. দুলাল মিয়া, চালকল মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম, ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত সাহা প্রমুখ।