চালের দাম সামান্য বাড়লেই সরকারের টনক নড়ে। পত্রপত্রিকায় বড় বড় শিরোনামে খবর ছাপা হয়। জনগণের মধ্যে হুলুস্থুল পড়ে যায়।তবে গত এক মাসে চালের দর হ্রাস পেয়েছে। আর এর প্রতিক্রিয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ছয় শতাধিক চালকল ও চাতাল প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে প্রায় নয় হাজার শ্রমিক। চালকল ব্যবসায়ীরা বলেন, চালের চাহিদা কম থাকায় আড়তদারেরা চাল কেনা বন্ধ করে দিয়েছেন। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। এরই মধ্যে উপজেলার বেশিরভাগ ব্যবসায়ী চালকল বন্ধ করে দিয়েছেন। তবে যেসব চাতালে ধানের মজুদ বেশি রয়েছে, সেসব চাতালের মালিকেরা লোকসানে চাল বিক্রি করে দিচ্ছেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার হাটবাজারে এবং চালের মোকামে ধানের দর মণপ্রতি ৯০ থেকে ১০০ টাকা এবং চালের দর প্রকারভেদে মণপ্রতি ১১৫ টাকা থেকে ১৩০ টাকা করে কমে গেছে। আগে উপজেলার চালের মোকামগুলো থেকে প্রতিদিন ৩০-৩৫ ট্রাক চাল দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হতো। চাহিদা কমে যাওয়ায় এখন সারা দিনে তিন-চার ট্রাক চালও সরবরাহ করা হয় না। উপজেলার চালের মোকামের কয়েকজন আড়তদার বলেন, দুই সপ্তাহ আগে গুটি স্বর্ণা চালের দর ছিল প্রতি মণ ৯৬০ টাকা, এখন বেচাকেনা হচ্ছে ৮৫৫ টাকায়, লাল স্বর্ণা চালের দর ছিল এক হাজার ৪৫ টাকা, এখন ৯৩০ টাকা, রঞ্জিত চালের দর ছিল এক হাজার ৭০ টাকা, এখন ৯৮৫ টাকা, নাজিরশাইল চালের দর ছিল এক হাজার ৪৫০ টাকা, এখন এক হাজার ৩৪০ টাকা, পুরোনো (ইরি) বিআর ২৮ চালের দর ছিল এক হাজার ১৭০ টাকা, এখন এক হাজার ১২০ টাকায় বেচাকেনা চলছে।চালের এ মোকাম থেকে দুই কিলোমিটার দূরে ধাপসুলতানগঞ্জ হাটে ধান বিক্রি করতে আসা ভান্ডুরিয়া গ্রামের কৃষক সেকেন্দার আলী বলেন, ধানের বর্তমান দর উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় তিনি তা বিক্রি করতে পারছেন না। আগে জানলে আবাদ না করে জমি পতিত ফেলে রাখতেন বলে জানান তিনি। স্থানীয় চালকল-মালিক গৌতম বসাক বলেন, ‘মোকামগুলোতে চালের তেমন চাহিদা নেই। বিদেশ থেকে চাল আমদানি করা এবং সরকারি উদ্যোগে খোলা বাজারে চাল বিক্রিই দর কমার কারণ বলে জানান তিনি। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, ‘তাঁর অভিজ্ঞতায় তিনি কখনো এ রকম পরিস্থিতির সম্মুখীন হননি। লোকসান গুনতে গুনতে চাতাল ব্যবসায়ীরা এখন সব পুঁজি হারিয়ে পথে বসার মতো অবস্থায় পড়েছে। উপজেলার বেশির ভাগ চালকল ও চাতাল বর্তমানে বন্ধ রাখা হয়েছে।