চালের দরের ফারাক টিআরের কাজে ভুয়া ভাউচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের বাজারদরের সঙ্গে সরকারি দরের বিরাট ফারাক থাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির টেস্ট রিলিফের (টিআর) কাজ বুঝে নেওয়া নিয়ে বিপাকে পড়েছেন দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তারা। তাঁদের প্রতি টন চালের বিপরীতে অতিরিক্ত ১৮ হাজার ১৯৫ টাকার ভুয়া ভাউচার জমা দিতে হচ্ছে।গত ৩০ জুন ছিল ২০১১-১২ অর্থবছরের হিসাব-নিকাশের শেষ দিন। এ উপজেলায় টিআর প্রকল্পে ৫৫৫ দশমিক ৮০০ মেট্রিক টন চালের জন্য অতিরিক্ত এক কোটি এক লাখ ১২ হাজার টাকার ভুয়া ভাউচার করতে হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিআইও অফিস থেকে সরবরাহ পত্র (ডিও) নিয়ে ওই চাল বিক্রি করে তা দিয়ে উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার বাজারে চালের দর ছিল প্রতি টন সাড়ে ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকা। কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এক টন চালের দাম ধার্য ছিল ৩৪ হাজার ১৯৫ টাকা। ফলে প্রকল্পের সভাপতিদের অতিরিক্ত ১৮ হাজার ১৯৫ টাকার ভুয়া ভাউচার জমা দিতে হয়েছে।উপজেলার আটগ্রাম কয়াগাড়ী জামে মসজিদ সংস্কার প্রকল্পের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘মসজিদ সংস্কারের জন্য চার মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। প্রতি টন চাল দালালের (ডিও ব্যবসায়ী) কাছে ১৬ হাজার টাকা দরে বিক্রি করেছি। পিআইও অফিসে প্রতি টনের বিপরীতে ৩৪ হাজার ১৯৫ টাকার ভাউচার দিতে হবে। দালালেরা ভুয়া ভাউচার দিয়ে দেবে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এস এ হায়াত বলেন, ‘গত দুই বছর থেকে এ সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। বাজারে চালের দরের সঙ্গে সরকারি দরের বড় ধরনের ফারাক। সরকার এক টন চালে ৩৪ হাজার ১৯৫ টাকার কাজ বুঝে নিতে বলছে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। এ সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, ‘দেখেশুনে আমাদের চুরি করতে হচ্ছে।সরকারি প্রজ্ঞাপন অনুসারে কাজ বুঝে নিতে গেলে মানুষের হাতে মার খেতে হবে। বিষয়টি বেশ কয়েকবার জেলা প্রশাসকের সঙ্গে সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।’