চালের দাম আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ পরও রাজধানীর কাঁচাবাজারগুলো চেনা চেহারায় ফেরেনি। বাজারে ক্রেতাসমাগম গতকাল শুক্রবারও ছিল কম। এর মধ্যেও আরেক দফা বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা।

এ ছাড়া চিনির দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে দেশি মসুর ডালের দাম। দেশি-বিদেশি পেঁয়াজের দর আগের মতোই চড়া। তবে কাঁচা মরিচ, শসা, পটোল, বেগুনসহ কয়েকটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির কেজি ১১০-১১৫ টাকায় নেমেছে।

কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে পণ্যমূল্যের এই চিত্র পাওয়া গেছে। কয়েকজন ব্যবসায়ী জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শঙ্কা থাকলেও পণ্য সরবরাহ স্বাভাবিক আছে। কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। সামনে হরতাল হলে কিছুটা সমস্যা হতে পারে।’

কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি ভালো মানের নাজিরশাইল ৫৬-৫৭ টাকা, মিনিকেট ৪৬-৪৭, পাইজাম ও ব্রি-২৮ জাতের চাল ৩৮ টাকায় বিক্রি হয়। সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বাড়লেও বিক্রেতারা সঠিক কারণ বলতে পারলেন না। গত রমজান মাস থেকেই চালের দাম বাড়ছে। রমজান মাসে প্রতি কেজি ভালো মানের নাজিরশাইলের দাম ছিল ৪৬ টাকা। প্রায় আড়াই মাসে সব ধরনের চালের দামই ধাপে ধাপে বেড়ে চলেছে।

মনসুর আলী নামের এক চাল ব্যবসায়ী এবার চালের দাম বাড়ার জন্য দায়ী করলেন ট্রাকভাড়া বৃদ্ধিকে। তিনি বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকচালকেরা গরু পরিবহন করে বেশি টাকা আদায় করেন। সে জন্য চাল পরিবহনে আগ্রহ কম দেখান। চাল পরিবহন করলেও আগের চেয়ে চার-পাঁচ হাজার টাকা বেশি নিয়েছেন। এ জন্য বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম ২০-৩০ টাকা বেড়েছে।

গতকাল বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা, আলু ১৩ থেকে ১৫, পটোল ২০, পেঁপে ১০-১৫, শিম ৫০-৬০, শসা ৩৫, করলা ৪০, বরবটি ৫০-৬০, চিচিঙ্গা ৩৫, গাজর ৬০, ঝিঙা ১২-১৫, বেগুন ৩০, কাঁচকলার হালি ১০-১২, মাঝারি আকারের বাঁধাকপি প্রতিটি ২০-২৫ ও ফুলকপি ২৫ টাকায় বিক্রি হয়। চীনা আদা ১৫০ ও দেশি আদা ১০০ এবং রসুন ৬৫-৭০ টাকা কেজি। ফার্মের মুরগির ডিমের হালি ২৭-২৮ ও হাঁসের ডিম ৩৫ টাকা হালি দরে বিক্রি হয়।

সবজি বিক্রেতা কালাম মিয়া জানান, ক্রেতা কম বলেই সবজির দাম কিছু কম।

এদিকে পেঁয়াজের দামে হেরফের হয়নি। ঈদের কয়েক দিন আগের মতো দেশি পেঁয়াজ ৯৫-১০০ এবং ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দু-একটি দোকানে ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায়ও বিক্রি হয়।

পাইকারি বাজার শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের মালিক রতন সাহা বলেন, দেশের পেঁয়াজের বাজার অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। ভারতীয় বাজার স্থিতিশীল না হলে এবং দেশটি থেকে রপ্তানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম বাড়তিই থাকবে।

দেশি মসুর ডালের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়ে ১০৫ টাকা হয়েছে। বিদেশি মসুর ডাল আগের মতোই ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল (পাঁচ লিটার) কোম্পানি ভেদে ৫৭০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, চিনির দর কেজিতে এক থেকে তিন টাকা বেড়ে ৪৫-৪৮ টাকা হয়েছে।